৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটার! ৩৬ লক্ষের নিষ্পত্তি, শুক্রবারই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা!

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩৬ লক্ষ নিষ্পত্তি, শুক্রবার প্রকাশ দ্বিতীয় অতিরিক্ত তালিকা—এসআইআর প্রক্রিয়ায় প্রতিদিন নতুন তালিকা প্রকাশের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রায় ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৩৬ লক্ষের তথ্য যাচাই শেষ—এমনটাই জানাল নির্বাচন কমিশন। শুক্রবার প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ফেলতে পারে। প্রতিদিনই তালিকা প্রকাশের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছে কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, বিচারকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল পর্যন্ত আপডেট সংগ্রহ করা হবে। সেই তথ্য প্রক্রিয়াকরণে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। পরিস্থিতি অনুযায়ী, ২৭ মার্চ থেকেই প্রায় প্রতিদিন নতুন তালিকা প্রকাশ করা হতে পারে।

এই প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিশেষ করে ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কমিশনের ওয়েবসাইটে একসময় সব ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়েও কটাক্ষ করেন তিনি। পাল্টা হিসেবে কমিশন জানায়, যাঁদের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম ধাপে ধাপে ওয়েবসাইটে আপডেট করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, এসআইআর প্রক্রিয়ার খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে ইতিমধ্যেই ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। প্রথম অতিরিক্ত তালিকায় বাদ গিয়েছে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম। তবে সেই তালিকা থেকে কতজন পুনরায় অন্তর্ভুক্ত হয়েছেন, তা এখনও স্পষ্ট করেনি কমিশন।

উল্লেখযোগ্যভাবে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষের কিছু বেশি। প্রায় ৭০৫ জন বিচারক এই মামলাগুলি খতিয়ে দেখছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ধাপে ধাপে এই তালিকা প্রকাশের পথে হাঁটছে কমিশন।

এসআইআর শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষের বেশি নাম। পরে চূড়ান্ত তালিকায় আরও কয়েক লক্ষ নাম বাদ পড়ায় মোট বাদের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজারেরও বেশি।

খসড়া তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে প্রায় ১ কোটি ৫২ লক্ষকে শুনানির জন্য চিহ্নিত করা হয়। এর মধ্যে প্রায় ৩১ লক্ষ ‘নো-ম্যাপিং’ ভোটার, যাঁরা পূর্ববর্তী তথ্যের সঙ্গে সংযোগ দেখাতে পারেননি। বাকি ভোটারদের ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতির কারণে যাচাই প্রক্রিয়া শুরু হয়।

সব মিলিয়ে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ৮২ লক্ষের ক্ষেত্রে নথি সঠিক বলে মেনে নেওয়া হয়েছে। শুনানির ভিত্তিতে ৫ লক্ষের বেশি নাম চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৪ লক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত