রাজ্যে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর জন্য বড় উদ্যোগ নেওয়া হয়েছে। কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদ সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য চারটি পৃথক টোল-ফ্রি নম্বর চালু করা হচ্ছে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষ যাতে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অভিযোগ জানাতে পারেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হচ্ছে। এই টোল-ফ্রি নম্বরগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগের জন্য আলাদা হেল্পলাইন নম্বর থাকবে। ফলে নির্দিষ্ট বিষয় অনুযায়ী অভিযোগ নথিভুক্ত করা এবং দ্রুত সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো সহজ হবে। অভিযোগ পাওয়ার পর তা সরাসরি প্রশাসনের নজরে যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
চালু হওয়া টোল-ফ্রি নম্বরগুলি হল—
- কাটমানি সংক্রান্ত অভিযোগ: 155334 (১৫৫৩৩৪)
- সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: 155335 (১৫৫৩৩৫)
- বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়: 155337 (১৫৫৩৩৭)
- বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ: 155339 (১৫৫৩৩৯)
প্রশাসনের দাবি, এই পরিষেবা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন (24×7) চালু থাকবে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে বাসিন্দারা সম্পূর্ণ বিনামূল্যে এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
সরকারি পরিষেবা বা কোনও প্রকল্পের সুবিধা পেতে গিয়ে কেউ যদি কাটমানি দাবি করেন, নির্মাণসামগ্রীকে কেন্দ্র করে সিন্ডিকেটের চাপ বা জুলুমের মুখে পড়তে হয়, রাস্তা আটকে বেআইনি টোল আদায় করা হয় অথবা কোথাও অবৈধ মদ বিক্রির খবর জানা যায়—সেক্ষেত্রে সংশ্লিষ্ট টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ করা যাবে।
প্রশাসনের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল দুর্নীতি, তোলাবাজি ও বেআইনি ব্যবসার বিরুদ্ধে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।



