‘অর্থহীন’ SIR নিয়ে ক্ষোভে ফুঁসছে বঙ্গ বিজেপি, জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার নিদান শমীকের—হুঁশিয়ারি, ‘এভাবে ভোট হতে দেব না’

SIR প্রক্রিয়াকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি বঙ্গ বিজেপির। শমীক ভট্টাচার্যের দাবি, এভাবে ভোটার তালিকা সংশোধন চললে নির্বাচনই হবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হওয়া বিতর্ক ক্রমেই রাজনৈতিক সংঘাতের রূপ নিচ্ছে। একসময় যে SIR (Special Intensive Revision) প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করেছিল বঙ্গ বিজেপি, সেই প্রক্রিয়াকেই এবার ‘অর্থহীন’ বলে কাঠগড়ায় তুলল তারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন—এইভাবে SIR চললে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেওয়া হবে না।

শমীকের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে কার্যত গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তাঁর দাবি, কমিশনের দায়িত্ব ত্রুটিমুক্ত ও স্বচ্ছ ভোটার তালিকা উপহার দেওয়া। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, ফর্ম-৭ জমা নেওয়ার ক্ষেত্রেই বাধার মুখে পড়ছেন বিজেপির বুথ স্তরের কর্মীরা। শমীক বলেন, “ফর্ম-৭ জমা দিতে গেলে বিএলও-রা বলছেন, উপর থেকে নির্দেশ নেই। সেই ‘উপরটা’ কে? এটা দেখা নির্বাচন কমিশনের কাজ।” তাঁর অভিযোগ, স্ক্রুটিনির পর আপত্তি জানাতে গেলেও বহু জায়গায় ফর্ম গ্রহণ করা হচ্ছে না, ফলে রাজ্যজুড়ে প্রতিবাদ ও ধরনা শুরু হয়েছে।

Shamim Ahamed Ads

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে শমীক বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। পশ্চিমবঙ্গবাসীর প্রাপ্য বিশুদ্ধ ভোটার তালিকা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। পাশাপাশি তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে রাজ্যে আসার আহ্বান জানান। শমীকের কথায়, “দিল্লিতে বসে এই প্রক্রিয়া চালানো যাবে না। বাংলায় এসে মাঠে থেকে দেখুন, SIR যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয়।”

SIR বিতর্ক এবার গড়াল আদালতেও। এই প্রক্রিয়ার আবহেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শমীক ভট্টাচার্য। মামলায় অভিযোগ, রাজ্যের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা আদৌ নিশ্চিত হচ্ছে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনকে নতুন করে সমীক্ষা চালানোর আবেদন জানিয়েছে বিজেপি। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে—সব বুথে ১০০ শতাংশ নিরাপত্তার দাবি কেন? আদালতের এই প্রশ্নেই স্পষ্ট হয়ে ওঠে, মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে কমিশনের ভূমিকা নিয়েই অনাস্থা।

শুধু বিজেপিই নয়, SIR নিয়ে সরব বিরোধী শিবিরের আরেক প্রধান শক্তি সিপিএমও। এসআইআর শুনানির নোটিস পাঠানোর ভিত্তি কী, ‘আনম্যাপড’ বা ‘লজিক্যাল ডিসক্রেপান্সি’ বলেই বা কিসের নিরিখে ভোটারদের চিহ্নিত করা হচ্ছে—এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছ ব্যাখ্যার দাবি জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। এর প্রতিবাদে প্রতিটি ব্লকে বিক্ষোভ সভা ও বিডিও অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে সিপিএম।

সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনকে ঘিরে প্রশাসনিক প্রক্রিয়া এখন পরিণত হয়েছে তীব্র রাজনৈতিক সংঘর্ষে। নির্বাচন যত এগোচ্ছে, ততই SIR নিয়ে চাপ বাড়ছে নির্বাচন কমিশনের উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত