১ অগাস্ট থেকেই মাসে ১,৫০০ টাকা! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট, নতুন আবেদন করবেন কীভাবে?

বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। ১ অগাস্ট থেকে কার্যকর হবে নতুন হার। নতুন আবেদনকারীদের জন্যও এল গুরুত্বপূর্ণ আপডেট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার জন্য বড় সুখবর। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মাসিক পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অগাস্ট ২০২৬ থেকেই বর্ধিত ভাতা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। একই সঙ্গে নতুন আবেদনকারীদের জন্যও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর জানিয়েছে, আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে ভাতা তুলতে আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। বর্ধিত ভাতার সুবিধা পাবেন বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী—এই তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত উপভোক্তারা।

এর আগে তৃণমূল সরকারের আমলে এই তিন প্রকল্পে মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হত। পরে নতুন সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সামাজিক সুরক্ষা পেনশন ১,৫০০ টাকা করার ঘোষণা করে। তবে কবে থেকে সেই টাকা মিলবে, তা নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। অবশেষে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ১ অগাস্ট থেকেই নতুন হারে টাকা দেওয়া শুরু হবে।

কোন কোন প্রকল্পে বাড়ছে ভাতা?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিনটি প্রকল্পে মাসিক ভাতা ১,৫০০ টাকা করা হচ্ছে—

  • ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম (IGNOAPS) – বার্ধক্য ভাতা
  • ইন্দিরা গান্ধি ন্যাশনাল উইডো পেনশন স্কিম (IGNWPS) – বিধবা ভাতা
  • ইন্দিরা গান্ধি ন্যাশনাল ডিজঅ্যাবিলিটি পেনশন স্কিম (IGNDPS) – প্রতিবন্ধী ভাতা

ইতিমধ্যেই জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (SUDA)-কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অগাস্ট মাসেই সংশোধিত ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়।

নতুন আবেদন করতে কী কী শর্ত?

নতুন আবেদনকারীদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে—

  • সাধারণ বার্ধক্য ভাতার ক্ষেত্রে ন্যূনতম বয়স ৬০ বছর হতে হবে।
  • বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ৫৫ বছর বয়স হলেই আবেদন করা যাবে।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অন্তত ১০ বছর ধরে রাজ্যে বসবাসের প্রমাণ থাকতে হবে।

আবেদন করতে কোন কোন নথি লাগবে?

আবেদন করার সময় সাধারণত নিচের নথিগুলি প্রয়োজন হবে—

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্ক পাসবইয়ের কপি বা সত্যায়িত (অ্যাটেস্টেড) জেরক্স

নতুন আবেদন কোথায় ও কীভাবে করবেন?

যাঁরা প্রথম ‘জনকল্যাণ শিবির’-এ আবেদন করতে পারেননি, তাঁদের জন্যও আশার খবর রয়েছে। আগামী জনকল্যাণ শিবিরে নতুন আবেদনপত্র দেওয়া হবে। সেখানে সরকারি কর্মীরা আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তে নতুন করে অফলাইন বা অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে না। সরকার এখনও নতুন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু করেনি। নতুন নির্দেশিকা প্রকাশের পরই আবেদন জমা নেওয়া শুরু হবে।

অর্থাৎ, যারা নতুন করে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, তাঁদের আপাতত সরকারের পরবর্তী বিজ্ঞপ্তি এবং নতুন জনকল্যাণ শিবিরের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন