আয়ুষ্মান ভারতে আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত পশ্চিমবঙ্গ, উপকৃত হবেন ১.৪৬ কোটি পরিবার

দীর্ঘদিনের জল্পনার অবসান। আজ আয়ুষ্মান ভারত প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম পর্যায়ে স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন ১.৪৬ কোটি পরিবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের অবসান ঘটতে চলেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। এর ফলে রাজ্যের প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার কেন্দ্রের এই স্বাস্থ্যসুরক্ষা প্রকল্পের আওতায় আসতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল দলটি। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হতে চলেছে সোমবার।

রবিবার দলের এক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’-র সঙ্গে পশ্চিমবঙ্গের আনুষ্ঠানিক সংযুক্তি ঘটবে ৮ জুন। প্রথম পর্যায়ে রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে বলে তিনি জানান।

সূত্রের খবর, দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে। সেই চুক্তির মাধ্যমেই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি আনুষ্ঠানিক রূপ পাবে।

স্বাস্থ্যক্ষেত্রে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। রাজ্যের বিপুল সংখ্যক পরিবার আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত আর্থিক সুরক্ষার সুযোগ পাবে বলে প্রশাসনিক মহলের আশা। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বিস্তৃত হবে বলেও মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন