পশ্চিমবঙ্গের লক্ষাধিক রাজ্য সরকারি কর্মচারীর দীর্ঘদিনের ডিএ (মহার্ঘ ভাতা) আন্দোলন আবারও নতুন মোড় নিল। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর যখন কর্মচারীরা পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই রাজ্য সরকার শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করে সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। ফলে ডিএ মামলার আইনি লড়াই এখন আরও জটিল পর্যায়ে পৌঁছেছে।
সূত্রের খবর, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে রিভিউ পিটিশন জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।


আইনি ভাষায় রিভিউ পিটিশন বলতে বোঝায়, আদালতকে তার দেওয়া রায় পুনরায় পর্যালোচনা করার অনুরোধ করা। অর্থাৎ আদালত নিজেই তার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।
এর আগে রাজ্য সরকার ওই রায়ের কিছু অংশ সংশোধনের জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। কিন্তু এবার সেই রায়ের সামগ্রিক পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। ফলে ডিএ মামলার আইনি প্রক্রিয়া নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।
ডিএ মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দিল পশ্চিমবঙ্গ সরকার

শীর্ষ আদালতের নথি অনুযায়ী, ৯ মার্চ ২০২৬ বিকেল ৫টা ৪৮ মিনিটে এই রিভিউ পিটিশন আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে।


মামলাটি আদালতের নথিতে রয়েছে ‘State of West Bengal vs Confederation of State Government Employees’ নামে। এই মামলাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের ৫ ফেব্রুয়ারির রায়কে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে।
এই নতুন পদক্ষেপের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে আবারও নানা জল্পনা শুরু হয়েছে। বহুদিন ধরে চলতে থাকা ডিএ আন্দোলনের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্তের ওপর।
তবে এখনও পর্যন্ত রিভিউ পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের শুনানির নির্দিষ্ট দিন ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট।
ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এখন অপেক্ষা করছেন—কবে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে এবং আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। তবে ‘Confederation of State Government Employees’ এর পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, তারা আশাবাদী। রাজ্য সরকার এপ্রিল মাসের মধ্যে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেবে।







