নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিল পেশ করার জন্য পুজোর মুখেই একদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণবশত তা সম্ভব হয়নি। অবশেষে জট কাটিয়ে বেতন বৃদ্ধির বিলে ছাড়পত্র মিলেছে রাজ্যপালের। আগামী মাসের শুরুতেই বিল পেশ করতে চায় রাজ্য সরকার। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি দফতরের দায়িত্ব নিয়েও সিদ্ধান্ত নেবে দল।
আরও পড়ুন: পায়ে ব্যথা, হাড় ক্ষয়ে যাচ্ছে, হুইল চেয়ারে বসেই আদালতে হাজিরা দেন অনুব্রত
জানা গিয়েছে, আগামী ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে এক বা দুদিনের অধিবেশন বসতে পারে। শাসক দলের তরফে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির দুটি বিলের পাশাপাশি একটি জিএসটি বিল পেশ করা হতে পারে। এদিকে আগামী ৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক রয়েছে। দুদিনের অধিবেশন হলে মুখ্যমন্ত্রী একইসঙ্গে বৈঠক করে নিতে পারেন বলে খবর। আরও জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি দফতরের দায়িত্বে অন্য কাউকে আনা হবে কি না সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রেশন দুর্নীতি মামলায় গত সপ্তাহে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ৬ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপর তিনি কবে জামিন পাবেন তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। তাঁর অধীনে দুটি দফতর রয়েছে- বন ও শিল্প পুনর্গঠন। বন দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয়। এই দফতরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা। দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনের ডাক দেয় শাসক দল। বিধায়কদের বেতন সংক্রান্ত The bengal legislative assembly (members emoluments) Act 1937 ও West bengal salaries and allowances act 1952 মন্ত্রীদের বেতন সংক্রান্ত দুটি আইনের সংশোধনী আনার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ছাড়পত্র থাকায় বেশি দেরি করতে চায় না তৃণমূল।
শীঘ্রই বিধানসভায় বেতন বৃদ্ধির বিল! বিশেষ অধিবেশনে হাত বদল হতে পারে জ্যোতিপ্রিয়র ২ দফতর




