দেশজুড়ে শুরু হয়ে গেল বড় নির্বাচনী লড়াইয়ের কাউন্টডাউন। নির্বাচন কমিশন রবিবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানায়। কমিশনের হিসাব অনুযায়ী, শুধু পশ্চিমবঙ্গেই এখন মোট ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। অন্যদিকে পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোটার সংখ্যা পৌঁছেছে ১৭ কোটি ৪০ লক্ষে। রাজনৈতিক উত্তেজনার মাঝেই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করে ভোট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে।
LIVE UPDATES
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:৩৫
আট আসনে উপনির্বাচনের ঘোষণা
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে ৮টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গুজরাত, গোয়া, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে একটি করে আসনে, আর কর্নাটক ও মহারাষ্ট্রে দুটি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরায় ৯ এপ্রিল ভোট, আর গুজরাত ও মহারাষ্ট্রে ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। সব আসনের গণনা হবে ৪ মে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:৩২
পুদুচেরিতে ভোট ৯ এপ্রিল
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এক দফাতেই ভোট হবে সেখানে। ভোটের গণনা হবে ৪ মে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:৩০
তামিলনাড়ুতে এক দফায় ভোট
তামিলনাড়ুতে এক দফাতেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে এবং ভোটের গণনা হবে ৪ মে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:২৬
পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট
পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনে, এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে। সব ভোটের গণনা হবে ৪ মে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:২৫
কেরলে ৯ এপ্রিল ভোট
কেরলে এক দফাতেই বিধানসভা নির্বাচন হবে। সেখানে ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের গণনা হবে ৪ মে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:২৪
অসমেও এক দফায় ভোট
অসমে এক দফাতেই ভোটগ্রহণ হবে। সেখানে ৯ এপ্রিল ভোট হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:২৩
মোবাইল নিয়ে বুথে ঢোকা যাবে না
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, কোনও ভোটার মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভোটের গোপনীয়তা বজায় রাখতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:২২
পশ্চিমবঙ্গে ৫ লক্ষ নতুন ভোটার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১৮ থেকে ১৯ বছর বয়সি নতুন ভোটারের সংখ্যা প্রায় ৫ লক্ষ ২৩ হাজার। এছাড়া ২০ থেকে ২৯ বছর বয়সি ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৩১ লক্ষ।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:১৭
এসআইআর নিয়ে কমিশনের ব্যাখ্যা
এসআইআর (SIR) প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই প্রক্রিয়ার লক্ষ্য ছিল যাতে কোনও বৈধ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং একই সঙ্গে অবৈধ ভোটারদের উপস্থিতিও যাতে না থাকে তা নিশ্চিত করা।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:১৫
পাঁচ রাজ্যে ভোটে বিশাল কর্মী বাহিনী, ১৫ লক্ষ ভোটকর্মী মোতায়েন
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য বিশাল প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের হিসাব অনুযায়ী, এই নির্বাচনে প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হবে। নিরাপত্তা ব্যবস্থার জন্য মোতায়েন করা হবে প্রায় সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী।
এর পাশাপাশি ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে নিযুক্ত করা হচ্ছে ৪৯ হাজার মাইক্রো অবজ়ার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ২১ হাজার সেক্টর অফিসার এবং প্রায় ৪০ হাজার গণনাকর্মী। ভোট গণনার জন্য আরও ১৫ হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:১০
পশ্চিমবঙ্গে মোট ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ, মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:০৬
পাঁচ রাজ্য মিলিয়ে ভোটার ১৭ কোটি ৪০ লক্ষ
কমিশনের তথ্য বলছে, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১৭ কোটি ৪০ লক্ষ। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:০৪
কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, গত কয়েক দিনে কমিশনের প্রতিনিধি দল সব ভোটমুখী রাজ্য সফর করেছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার পাশাপাশি নতুন ভোটারদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৬:০১
সাংবাদিক বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ
দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। সেখান থেকেই ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৫:৫৩
কিছুক্ষণের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা
নির্বাচন কমিশন জানায়, পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে সাংবাদিক বৈঠকেই।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৪:৪৪
‘বিবেচনাধীন’ ভোটারদের নিয়ে প্রশ্ন
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত অসম্পূর্ণ ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছেন। এই ভোটারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৪:৪৩
পাঁচ রাজ্যে ভোট ঘোষণা
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি—এই রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৪:৪২
পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার আশঙ্কা মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক মোতায়েন করা হবে যাতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৪:৪২
কম দফায় ভোটের সম্ভাবনা
সূত্রের খবর, এবারের নির্বাচন আগের তুলনায় কম দফায় হতে পারে। যেখানে ২০২১ সালে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট হয়েছিল, সেখানে এবার ২ থেকে ৩ দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
⏱ শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১৪:৪১
রবিবার বিকেলেই বড় ঘোষণা
রবিবার বিকেল ৪টায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখান থেকেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়।



