সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। আগের বিজ্ঞপ্তি বাতিল করে এবার সরকারি নিয়োগে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ কার্যকর করার জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, যেখানে কোন শূন্যপদে সংরক্ষণের নিয়ম কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০০টি শূন্যপদের মধ্যে নির্দিষ্ট রোস্টার পয়েন্টে সংরক্ষিত আসনের ব্যবস্থা থাকবে। সরকারি নিয়োগ প্রক্রিয়াকে নতুন কাঠামোয় সাজাতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রের দাবি।
শুধু ওবিসি সংরক্ষণ নয়, গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্যও আলাদা সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী বা পিডব্লিউডি প্রার্থীদের জন্য চারটি রোস্টার পয়েন্ট সংরক্ষিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সংরক্ষিত বিভাগে উপযুক্ত ‘এক্সেম্পটেড ক্যাটেগরি’ প্রার্থী না পাওয়া গেলে সাধারণ নিয়ম অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা যাবে। এর মাধ্যমে শূন্যপদ দীর্ঘদিন ফাঁকা না রাখার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২৭ জানুয়ারির আগে প্রকাশিত পুরনো বিজ্ঞপ্তি আর কার্যকর থাকবে না। নতুন নির্দেশিকাই সরকারি চাকরির ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য হবে।
এদিকে একই দিনে কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও ঘোষণা করেন। তিনি জানান, বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হবে। পাশাপাশি স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতের সঙ্গে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে যুক্ত করার কাজও শুরু হয়েছে।
এছাড়া মা ক্যান্টিন নিয়েও নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রায় ৪০০টি মা ক্যান্টিনে এবার থেকে সপ্তাহে দু’দিন ৫ টাকায় মাছ-ভাত দেওয়া হবে বলে জানানো হয়েছে। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করতে প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে।



