নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় দিনভর মনোরম পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকাল থেকে চলছে ঝিরঝিরে বৃষ্টি। আকাশের মুখ ভার। এরকম পরিস্থিতি কাটবে কবে? ফসল তোলার মরশুমে এটাই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুনঃ লক্ষ্মীদেবীর কৃপায় আচমকা অর্থলাভ আট রাশির, সোনায় মুড়বে ভাগ্য


আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের আগে এই অবস্থার বদল হচ্ছে না। শীতের আমেজ ফিরবে শনিবার থেকে। দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও পড়বে। ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীশগঢ়ে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল থেকেই আকাশের মুখভার, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টা কলকাতা সহ সংলগ্ন জেলা যেমন হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ( Rain Forecast) হবে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।







