নজরবন্দি ব্যুরো: বঙ্গবাসী বলছে, পুজোর মরশুম পড়ে গিয়েছে। আজ বিশ্বকর্মা পুজো শেষ হতে না হতেই আগামীকাল আবার গণেশ পুজোর তোড়জোড়। এদিকে পুজোর আনন্দে ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর আগেই দুই পুজোতেই ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছিল। এরইমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি শীঘ্রই নিম্নচাপে পরিণত হবে, এরফলে রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! পরিণত হতে পারে গভীর নিম্নচাপে


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূ্র্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হতে পারে। এরফলে আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণের সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে।

বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বদল না হলেও পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ইতিমধ্যেই কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।



আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে রোদ উঠলেও দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গণেশ পুজোর দিন আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা!

কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ নামবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিন দিন গরম ও আর্দ্রতা থাকবে। ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। যদিও মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আজ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।







