রাজ্যজুড়ে ফের ঠান্ডার কাঁপুনি। শনিবার থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। কলকাতায় ১৮ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে পারদ। জানুয়ারি মাসের শুরু থেকেই একাধিক জেলায় পারদ চড়েছিল। শীতের থমকে যাওয়ার পিছনে পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হয়েছিল। গত বর্ষায় বৃষ্টির ঘাটতির কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা। এবারের শীতেও খলনায়ক সে। তবে শিতপ্রেমীদের স্বস্তি দিয়ে পারদ পতন হল। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শুরুতে ফের কিছুটা চড়বে তাপমাত্রা। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update of 8 January)? বৃষ্টির সম্ভাবনা রয়েছে কী? রইল বড় আপডেট।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে
আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কুয়াশা হলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলবে। দুপুরের পর থেকে তাপমাত্রা (Temperature) কমবে। বিভিন্ন জেলায় সারাদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৫ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা বাধা দেওয়ায় উত্তুরে হাওয়ার বদলে দক্ষিণের হাওয়া ঢুকবে বাংলায়। এরফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ১০ তারিখ থেকেই আবহাওয়ার বদল হবে। জাঁকিয়ে শীত পড়ার প্রক্রিয়া শুরু হবে বঙ্গে।



সপ্তাহের প্রথম দিনে কলকাতার আকাশ ছিল মাঝারি কুয়াশাচ্ছন্ন। সোমবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। এরপর থেকেই শীতের স্পেল শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে ঠান্ডার কাঁপুনি, ফিরছে শীতের স্পেল, বুধের পরই বদলাবে আবহাওয়া

এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা সিকিমের উপর দিয়ে অতিক্রম করছে। এরফলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহে দার্জিলিং সহ উঁচু পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হতে পারে তুষারপাত। রাতের দিকে তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নামতে পারে। উত্তরের নীচের জেলা মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।







