নিম্নচাপ সরে গেলেও ভারী বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই বাংলার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা বাড়বে। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণবঙ্গের ১০ জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা— উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা থাকলেও সপ্তাহভর রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে দিনভর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও। উত্তরবঙ্গে দুর্ভোগ অব্যাহত থাকবে। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী ৪৮ ঘণ্টায়। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে।
বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের আরও ছয় জেলায়। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।



