নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। বাড়ছে গরম। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে সতর্কতা। চলতি সপ্তাহে সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। কেমন থাকবে বাংলার আবহাওয়া ? কী বলছে হাওয়া অফিস।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাপমাত্রা বাড়বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামের কষ্ট অনুভূত হবে। আগামী পাঁচদিন আবহাওয়ার পরিবর্তন হবে না। তবে অস্বস্তি বাড়তে পারে। কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শহরে এখন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চলতি সপ্তাহে ৩৫ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘুরবে। গত সপ্তাহে রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হলেও ঝেঁপে বৃষ্টির দেখা যায়নি। কয়েকদিন তাপমাত্রা কমলেও ফের বৃষ্টির পরিমাণ কমেছে। বেড়েছে তাপমাত্রা।

চলতি সপ্তাহজুড়েই উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি চলবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিনে উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে না।



এবছর বাংলায় দেরিতে প্রবেশ করেছে বর্ষা। গত ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়েছে ১৯ জুন। কিন্তু শুরু থেকেই কোনও জেলায় তেমন ভারী বর্ষণ হয়নি। টানা বৃষ্টিতে তাপমাত্রা কমায় স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ।
দক্ষিণবঙ্গে গরম থেকে এখনই রেহাই নেই, আগামী পাঁচদিনে আরও বাড়বে অস্বস্তি!









