সোমবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি চলবে সপ্তাহ জুড়েই। তবে বুধ ও বৃহস্পতিবার আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ৫ জেলায় ফের একবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। যার জেরেই সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি।

আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, সোমবার থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তবে সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

এদিকে কলকাতাতেও সোমবার আকাশ সাধারণত মেঘলা থাকবে সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাতাসে জলীয়বাষ্প থাকায় বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।
সোম থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, চলবে সপ্তাহ জুড়েই
অন্যদিকে দুর্যোগ পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। দক্ষিণবঙ্গে পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ৫ জেলাতেও। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে পারে।

তবে রাজ্যের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যেও। কারণ হাওয়া অফিস জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা বিকানির, কোটা, গুনা, জব্বলপুর, পেন্ড্রারোড, ঝাড়সুগুদা এবং বালাসোরের উপর দিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই ভারী বৃষ্টি হতে পারে চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, সিকিম, বিহার, ওডিশা, কঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালা, মাহে এবং কর্ণাটকে। এছাড়াও গুজরাট এবং উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড ও মনিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



