নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা। কোথাও রোদ উঠছে তো কোনও কোনও জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, চড়বে তাপমাত্রা। এইসময় বাংলায় ফের সতর্কতা জারি হল। তাহলে কি বৃষ্টিপাতের পর আবার তাপপ্রবাহের আশঙ্কা! কি বলছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Suvendu Adhikari-র বৈঠক বয়কট দলীয় নেতাদের, ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব!


হাওয়া অফিসের তরফে ইতিমধ্যেই জানা গিয়েছে, দক্ষিণের জেলাগুলিতে ঝড় কমবে। তবে আগামী রবিবার ও সোমবার অর্থাৎ ২৮ মে ও ২৯ মে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী শনিবার (২৭ মে) পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আগামী ২৪ ঘণ্টায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চলতি বছর কিছুটা দেরি করেই বর্ষার আগমন ঘটবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দেশে বর্ষা প্রবেশ করবে আগামী ৫ জুন। এর জন্য অবশ্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকেই দায়ী করেছেন আবহাওয়াবিদরা।



আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমলে তাপমাত্রার পারদ চড়বে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী পাঁচ দিনের মধ্যে বাংলার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে আগামী দুদিনের জন্য কোনও তাপপ্রবাহের সতর্কতা নেই। জুনের শুরু থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণের জেলাগুলিতে কমবে ঝড়-বৃষ্টি, বাংলায় ফের জারি সতর্কতা!









