নজরবন্দি ব্যুরো: ছুটির দিনে সকাল থেকেই ঝলমলে আকাশ। কয়েকদিন পর দেখা মিলল রোদের। একইসঙ্গে ঝরছে ঘাম। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার বিরাট বদল লক্ষ্য করা যাবে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। দেখে নিন কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে আজ।
আরও পড়ুন: সপ্তাহান্তে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে বাংলার ৬ জেলা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, হাওড়া, নদিয়া সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নতুন সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। প্রায় সব জেলাতেই ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। টানা কয়েকদিন বৃষ্টি চললেও দক্ষিণে এখনও বর্ষণের ঘাটতি মেটেনি বলেই জানান আবহাওয়াবিদরা।

রবিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। মাঝে মাঝে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে ১২ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ (২৭ আগস্ট) একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে উত্তরবঙ্গেও সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
দক্ষিণে আবহাওয়ার বিরাট বদল, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা




