নজরবন্দি ব্যুরো: গত ১৯ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু সব অংশে না আশায় জেলাগুলিতে ভারী বর্ষণের দেখা পাওয়া যায়নি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার অবশেষে দক্ষিণবঙ্গের সব অংশে প্রবেশ করেছে বর্ষা। আজ সারাদিনই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুন: বাংলায় ভারী বর্ষণের সতর্কতা জারি! সপ্তাহান্তে ঝড়-জলে ভাসবে একাধিক জেলা


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জায়গায় বর্ষা ঢুকে পড়েছে। এবার সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার প্রায় সারাদিনই কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি থেকে এখনই রেহাই নেই।

উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষার আগমন ঘটেছে। বেশ কয়েকদিন ধরেই ভারী বর্ষণ চলছে একাধিক জেলায়। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।



জানা গিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীগুলির জলস্তর বেড়েছে। নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ায় আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের সর্বাংশে মৌসুমীর বায়ুর প্রবেশ, আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস








