নজরবন্দি ব্যুরো: বিদায়কালে বর্ষার খেল পুজোর আগে পুজোর আবহাওয়া নিয়ে চিন্তায় ফেলেছিল। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে উৎসবের দিনগুলিতে বৃষ্টির ঝঞ্ঝাট থাকবে না। এদিকে মহালয়া কাটতেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে কি এবার থেকে দিনগুলিতে তাপমাত্রা কমবে? ষষ্ঠী থেকে দশমী কলকাতা তথা জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: মহালয়ার পরই আবহাওয়ার বদল! চড়বে তাপমাত্রার পারদ, বাড়বে অস্বস্তি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার (২১-২২ অক্টোবর) অর্থাৎ সপ্তমী ও অষ্টমীতে আবহাওয়া শুষ্ক থাকবে। ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের কিছু অংশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা কম।
![]()
উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। যেসব জেলা থেকে বর্ষা বিদায় নেয়নি সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার উপরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং ঝলমলে আকাশ দেখা যাবে। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অর্থাৎ পুজোর দিনগুলিতে উত্তরে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘন্টা কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। মহালয়া কাটতেই হালকা শীতের আমেজ ছড়িয়েছে। রাতের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, পুজোর দিনগুলিতে রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
পুজোর আগেই শীতের আমেজ, পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া?




