নজরবন্দি ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা প্রবল। এরপর এটি শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। ফলে সপ্তাহের মাঝখান থেকেই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রূপ বদলাবে আবহাওয়া। একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ সেপ্টেম্বর, আজকের দিনে কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ ও কাল (১২ ও ১৩ সেপ্টেম্বর) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে বুধবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত যার ফলে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও এখনই ভ্যাপসা গরমের আবহাওয়া থেকে মুক্তি নেই। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।



উত্তরবঙ্গে আবহাওয়ায় পরিবর্তন হবে না। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস নেই। কিছু কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘূর্ণাবর্ত তৈরি হলে ক্ষণিকের ভারী বৃষ্টি হতে পারে।
২৪ ঘন্টার মধ্যেই কলকাতায় তুমুল বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট








