নজরবন্দি ব্যুরো: মাসের শুরু থেকেই রাজ্যে তীব্র দাবদাহ। শুক্রবার হালকা বৃষ্টির পর তাপমাত্রায় খানিক পতন দেখা দিয়েছিল। এরপর রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যায়। সপ্তাহের শুরুতেও একাধিক জেলায় ভারী বর্ষণের আশঙ্কা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর মাঝেও কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে বলে খবর।
আরও পড়ুন: মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস পাঠানোর পরিকল্পনা ED-র
আলিপুর আবহাওয়া দফতরের বিবৃতি অনুযায়ী, বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ-কালের মধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ ঘটবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। উল্লেখ্য, উত্তরবঙ্গে ৭ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে। তবে নানা প্রভাবের জেরে দেরিতে ঢুকছে বর্ষা। আজ থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট জানায়নি আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বৃষ্টি হলেও জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ কবে?




