দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাদ যাচ্ছে না উত্তর-ও। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, মে মাসের শুরুতেও চলবে দাবদাহ। দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পার্বত্য তিন জেলায় আজ, রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরবেন না। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ হতে পারে।

বেলা বাড়লে জেলাগুলিতে তপ্ত লু বইবার আশঙ্কা রয়েছে। কলকাতায় ৪১ ডিগ্রি পেরোলো তাপমাত্রা। বৃহস্পতিবার তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি, শুক্রবার ৩৯.৭ ডিগ্রি এবং শনিবার ৪১.১ ডিগ্রি। কলকাতায় এপ্রিলে একটানা চল্লিশের উপরে পারদ এখনও রেকর্ড নয়।
দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরবেন না

২০১৯ সালে একটানা সর্বোচ্চ তিন দিন ৪০-এর উপরে তাপমাত্রা ছিল কলকাতায়। এর আগে ২০১৪ সালে একটানা ৫ দিন ছিল এই তাপমাত্রা।



