নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় মোচার প্রভাব রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে তার আগে তাপমাত্রা বাড়তে পারে বলেই সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: Weather update: ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!


আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর দেখা মিলতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি শুক্রবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কি বলছে হাওয়া অফিস?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দুইবঙ্গেই আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে ৯০ এবং ৫৭ শতাংশ।



আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে (শনিবার) দক্ষিণ পূর্ব বঙ্গোপসারে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরেরদিন অর্থাৎ ৭ মে (রবিবার) ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়ার কোন দিকে ঘুরবে? পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়াবিদরা। ঝড়ের আশঙ্কা তৈরি হতেই বৈঠকে বসেছে নবান্ন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।








