উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট! ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধাতালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। ২১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশন আনুষ্ঠানিকভাবে কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জুলাই থেকে ৩০ জুলাই, ২০২৬ পর্যন্ত মেধাতালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। প্রায় এক হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের পথ খুলতে চলেছে এই প্রক্রিয়ার মাধ্যমে।

SSC-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার থেকে যোগ্য প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের কাউন্সেলিং কল লেটার ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক প্রার্থীর কাউন্সেলিংয়ের নির্দিষ্ট তারিখ, সময় এবং স্থান সেই লেটারেই উল্লেখ থাকবে।

- Advertisement -

এই নিয়োগ প্রক্রিয়া প্রায় এক দশক আগে শুরু হলেও একাধিক আইনি জটিলতার কারণে দীর্ঘদিন আটকে ছিল। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ অবমাননা মামলার শুনানিতে মেধাতালিকাভুক্ত ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন করার নির্দেশ দেয়।

এর আগে ১২,৭২৩ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও অবশিষ্ট প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ঝুলে ছিল। মামলার শুনানিতে একাধিকবার স্কুল শিক্ষা দফতরের সচিব, কমিশনার এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে শিক্ষা দফতর আদালতের কাছে ১,১৭৭টি শূন্যপদের তথ্য জমা দেয়। সেই তথ্যের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি মেলে এবং অবশেষে বাকি মেধাতালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি রাজ্যের বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগ এবং মোট ১ লক্ষ সরকারি শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, এই শূন্যপদগুলির মধ্যে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী, ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি মোট শূন্যপদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এবং যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরুর ঘোষণায় বহু চাকরিপ্রার্থীর অপেক্ষার অবসান হতে চলেছে। এখন নির্ধারিত সময়সূচি মেনে কাউন্সেলিং সম্পন্ন হওয়ার দিকেই নজর সংশ্লিষ্ট সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর