ভোটগণনার আগে বাংলাজুড়ে নিরাপত্তার নজিরবিহীন প্রস্তুতি। সোমবার সকাল ৮টা থেকে ৭৮টি গণনাকেন্দ্রে শুরু হতে চলেছে ফল গণনা, আর তার আগেই নির্বাচন কমিশন প্রতিটি কেন্দ্রকে কার্যত ‘দুর্গে’ পরিণত করেছে। ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ২০০ মিটারের মধ্যে জারি কড়া বিধিনিষেধ—সব মিলিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন।
ভোটপর্বের মতোই গণনাতেও নিরাপত্তা ঘিরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে চাইছে কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে গড়ে প্রায় দু’কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। লক্ষ্য একটাই—গণনাপ্রক্রিয়া যাতে নির্বিঘ্নে এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়।


নিরাপত্তার স্বার্থে গণনাকেন্দ্রের আশপাশে যে কোনও জমায়েত বা বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই কারণে কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৬৩ ধারা। ফলে ওই এলাকায় অনুমতি ছাড়া কোনও ভিড় বা রাজনৈতিক জমায়েত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
গণনাকেন্দ্রের ভিতরেও রয়েছে কড়া নিরাপত্তা বলয়। তিন স্তরের নজরদারিতে সাজানো হয়েছে পুরো ব্যবস্থা। প্রথম স্তরে থাকবেন কলকাতা পুলিশের লাঠিধারী বাহিনী ও ট্রাফিক সার্জেন্টরা। দ্বিতীয় স্তরে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে দায়িত্বে থাকবেন। আর সবশেষ, তৃতীয় স্তরে সম্পূর্ণভাবে দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাতে কোনও ধরনের অনধিকার প্রবেশ বা বিশৃঙ্খলা রোখা যায়।
সব মিলিয়ে, গণনার দিনকে সামনে রেখে কমিশনের বার্তা স্পষ্ট—নিরাপত্তা ও শৃঙ্খলায় কোনও রকম আপস নয়। এখন অপেক্ষা শুধু ফল ঘোষণার, যা নির্ধারণ করবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ—প্রত্যাবর্তন না পরিবর্তন।









