Argentina vs England World Cup 2026: বিশ্বকাপের মঞ্চে ২৪ বছর পর মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও আর্জেন্তিনা। সেমিফাইনালের এই মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লিওনেল মেসি। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার ওয়েন রুনি দাবি করেছেন, আর্জেন্তিনার সবচেয়ে বড় শক্তিই আবার তাদের দুর্বলতা হয়ে উঠতে পারে।
বিশ্বকাপে বিবিসির বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েন রুনি। সেখানেই তিনি বলেন, লিওনেল মেসি রক্ষণভাগে খুব বেশি নেমে খেলেন না এবং মাঠে তুলনামূলক কম দৌড়ন। তাই আর্জেন্তিনা যখন বল হারায়, তখন সেই জায়গাকে কাজে লাগাতে পারলে ইংল্যান্ড সুবিধা পেতে পারে।
রুনির কথায়, “রক্ষণে মেসিই আর্জেন্তিনার দুর্বলতা হতে পারে। ও কম দৌড়য় এবং ডিফেন্সে খুব বেশি সাহায্য করে না।” তাঁর মতে, ইংল্যান্ডের উচিত এই দিকটি কৌশলগতভাবে কাজে লাগানো।
তবে সমালোচনার পাশাপাশি মেসির অসাধারণ ফুটবল মস্তিষ্কেরও প্রশংসা করেছেন রুনি। তিনি বলেন, ৩৯ বছর বয়সেও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মেসিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। রুনির মতে, মেসিকে আটকাতে গেলে শুধু একজন ডিফেন্ডারের পক্ষে সম্ভব নয়; পুরো দলের মধ্যে নিখুঁত যোগাযোগ ও মনোযোগ থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, “মেসি প্রায়ই এমন জায়গায় অবস্থান নেয়, যেখানে সাধারণত কোনও ফরোয়ার্ড থাকে না। সেই কারণেই ওকে মার্ক করা আরও কঠিন হয়ে যায়।”
রুনির মতে, বর্তমান ইংল্যান্ড দলে জুড বেলিংহ্যাম, হ্যারি কেন, বুকায়ো সাকা-সহ একাধিক টেকনিক্যালি দক্ষ ফুটবলার রয়েছেন। তাই সামগ্রিকভাবে ইংল্যান্ডের স্কোয়াড আর্জেন্তিনার তুলনায় কিছুটা এগিয়ে বলেই তাঁর মত।
অন্যদিকে, রুনির প্রাক্তন সতীর্থ মাইকা রিচার্ডস অবশ্য সতর্ক করেছেন ইংল্যান্ডকে। তাঁর মতে, মেসিকে কখনও হালকাভাবে নেওয়া উচিত হবে না।
রিচার্ডস বলেন, “মেসিকে মার্ক করা প্রায় অসম্ভব। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ও নিজের সেরাটা বের করে আনে। ওর টেকনিক, ম্যাচ পড়ার ক্ষমতা এবং ব্যক্তিত্ব—সবই অসাধারণ।”
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনাল ঘিরে তাই শুধু দুই দলের লড়াই নয়, আলোচনার কেন্দ্রে রয়েছে লিওনেল মেসির ভূমিকা। একদিকে রুনির কৌশলগত বিশ্লেষণ, অন্যদিকে রিচার্ডসের সতর্কবার্তা—সব মিলিয়ে ইংল্যান্ড বনাম আর্জেন্তিনা মহারণের উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।



