নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পেট্রোল সেঞ্চুরি হাঁকাতেই পুরনো টুইট টেনে মোদীকে কটাক্ষ অভিষেকের। গোটা দেশে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এই নিয়ে বিরোধীরা একের পর এক আক্রমণ শানালেও তেলের দামে রাশ টানতে বিশেষ উদ্যোগ দেখাচ্ছে না কেন্দ্র। এমন অবস্থায় রাজ্যে পেট্রোল সেঞ্চুরি হাঁকাতেই মোদীর দিকে চরম কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভাইরাল করে দিলেন ‘মোদিবাবু পেট্রোল বেকাবু’ হ্যাশট্যাগ।
আরও পড়ুনঃ রেশন সামগ্রী পাচার থেকে ধান বিক্রি জালিয়াতি, দুর্নীতির অভিযোগ রাজ্য জুড়ে।


এদিন টুইটে তিনি লেখেন “ঐতিহাসিক উচ্চতায় জ্বালানি তেলের দাম। দেখে যেন মনে হচ্ছে মানুষের সমস্যা বাড়াতে খুবই পরিশ্রম করছে কেন্দ্রীয় সরকার।” এরই সঙ্গে তারই করা গত বছরের একটি টুইট উল্লেখ করে তিনি লেখেন “২০২০ সালের তেমন কোনও পরিবর্তন হয়নি। দেশের মানুষের দাবিগুলি উপেক্ষা করে একে অন্যকে দোষারোপ করার খেলায় মেতেছে।” একই ইস্যুতে সরব হয়ে তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি টুইটে লেখেন “নরেন্দ্র মোদির নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছেন। এখন আকাশছোঁয়া পেট্রোলের দাম, কিন্তু তিনি এখন লুকিয়ে আছেন আর মিথ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।”
যার জবাবে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন “পেট্রোল-ডিজেলের দাম তো আজ থেকে বাড়ছে না। আগেও বাড়ত, এখনও বাড়ছে। কেন্দ্রীয় সরকার এ নিয়ে চিন্তাভাবনা করছে। গোটা বিশ্ব এখন অর্থনীতির সঙ্গে লড়াই চালাচ্ছে। ধীরে ধীরে আবার দাম কমে যাবে।” প্রসঙ্গত কলকাতায় আজ পেট্রোল ৯৯ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম ২৪ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ২৭ পয়সা। অনেক আগেই দেশের একাধিক রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম।
রাজ্যে পেট্রোল সেঞ্চুরি হাঁকাতেই পুরনো টুইট টেনে মোদীকে কটাক্ষ অভিষেকের। এমনকী, রাজ্যের একাধিক জেলাতেও ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম। আজ আলিপুরদুয়ারে পেট্রোল ১০০ টাকা ৫১ পয়সা, কোচবিহারে ১০০ টাকা ৬৩ পয়সা। পাশাপাশি ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম।









