নেটে আগুন ঝরাচ্ছেন ‘কিং’ কোহলি! IPL ২০২৬-এর আগে একাই প্রস্তুতিতে বিরাট

আইপিএল ২০২৬-এর আগে নেটে কঠোর অনুশীলনে বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে ভক্তদের আশা, নতুন মরশুমে আবারও বড় রান আসতে চলেছে ‘কিং’-এর ব্যাট থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন আইপিএল মরশুমের আগে প্রস্তুতি শুরু করে দিলেন ভারতের তারকা ব্যাটার Virat Kohli। নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল তাঁকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই অনুশীলনের ভিডিও পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তা। ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন, এই প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে নতুন মরশুমে আবারও বড় কিছু করতে প্রস্তুত কোহলি।

ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে বিভিন্ন ধরনের শট অনুশীলন করছেন তিনি। কখনও নিখুঁত কভার ড্রাইভ, কখনও পুল শট বা স্ট্রেট ড্রাইভ—প্রতিটি শটেই ছিল স্বচ্ছন্দ টাইমিং। ব্যাটে বল লাগার শব্দই যেন জানিয়ে দিচ্ছে, আসন্ন মরশুমের জন্য নিজেকে নতুন করে তৈরি করছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার।

এই ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই মন্তব্য করে লিখেছেন, ২০২৬ আইপিএলে কোহলির ব্যাট থেকে বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা। ফলে মরশুম শুরু হওয়ার আগেই তাঁর অনুশীলনের ভিডিও ঘিরে ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়েছে।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার কোহলি। Indian Premier League-এ এখন পর্যন্ত ২৬৭টি ম্যাচে ২৫৯টি ইনিংসে তিনি করেছেন ৮,৬৬১ রান। তাঁর গড় ৩৯.৫৪ এবং স্ট্রাইক রেট ১৩২.৮৫। এই প্রতিযোগিতায় তাঁর ঝুলিতে রয়েছে ৮টি শতরান ও ৬৩টি অর্ধশতরান।

গত মরশুমটিও কোহলি এবং তাঁর দল Royal Challengers Bengaluru-এর জন্য বিশেষ স্মরণীয় ছিল। ২০২৫ আইপিএলে তিনি ১৫ ম্যাচে ৬৫৭ রান করেছিলেন, গড় ছিল ৫৪.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৪.৭১। সেই সঙ্গে করেছিলেন ৮টি অর্ধশতরান। আর সেই মরশুমেই প্রথমবার আইপিএল ট্রফি জেতে বেঙ্গালুরু, যেখানে কোহলির পারফরম্যান্স ছিল দলের সাফল্যের অন্যতম বড় ভিত্তি।

উল্লেখ্য, এবারের আইপিএল মরশুম শুরু হওয়ার কথা ২৮ মার্চ থেকে। যদিও পুরো সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে মরশুম শুরু হওয়ার আগেই কোহলির এই প্রস্তুতি দেখে অনেকেই মনে করছেন, আবারও বড় রানের ঝড় দেখতে চলেছে আইপিএল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত