নজরবন্দি ব্যুরো: গতকালই ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেন বিরাট। তিনি জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন। এই ঘোষণার পর দেশজুড়ে ক্রিয়া প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ বিরাটের অধিনায়কত্বে ছাড়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ, কি বললেন তিনি
বিরাটের টি-টোয়েন্টি থেকে অধিনায়ক হিসেবে সরে যাওয়ার ঘটনাকে আজ বোর্ড (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Gangully) স্বাভাবিকভাবে মেনে নেন এবং তার এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। কিন্তু বিরাটের (Virat Koheli) এই অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডের একাংশ বেশ বিরক্ত। তাদের যুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার মুখে বিরাটের এইরূপ ঘোষণা দলের অন্দরে নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে।

এখানে বলা ভালো কিছুদিন আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি আর ভারতীয় দলের কোচিং করাবেন না। ফলে বর্তমান কোচ এবং বর্তমান অধিনায়কের এই মনোভাবকে ভালো চোখে দেখছেন না বোর্ডের একটা অংশ। আর তা থেকেই মনে করা হচ্ছে এবার ৫০ ওভারের দলের নেতৃত্ব থেকেও বাদ পড়তে পারেন বিরাট।

উল্লেখ্য বোর্ডের সূত্রের আরও একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরাট কোহলি নাকি কয়েকদিন আগে নির্বাচক কমিটিকে প্রস্তাব দেন, সহ অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরানো হোক। কারণ হিসেবে তুলে ধরেন, রোহিতের বয়স ৩৪। তাঁর পরিবর্তে এমন কাউকে ভাইস ক্যাপ্টেন করা হোক, যে বয়সে বিরাটের তুলনায় ছোট।
উদাহরণ হিসেবে ওয়ানডে-তে লোকেশ রাহুল এবং টি-টোয়েন্টিতে ঋষভ পন্থের নাম প্রস্তাব রাখেন কোহলি। এই বিষয়টাকে মোটেই ভালো ভাবে মেনে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সীমিত ওভারে অধিনায়ক কোহলির সাফল্য আকাশছোঁয়া নয়। তাই বোর্ড বিরাটের এই প্রস্তাবে সায় দেয়নি।
৫০ ওভারের দলের নেতৃত্ব থেকেও বাদ পড়তে পারেন বিরাট
টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে কোহলি নিজেকে সরিয়ে নেওয়ায়, বোর্ডের হাতে অস্ত্র বেড়ে গেল বলেই মনে করছে একাংশ। তবে যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup), তাই এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করবে না সৌরভের বোর্ড। বিশ্বকাপ শেষে ভারতীয় ক্রিকেটের মোড় কোন পথে গড়ায় সেটা বলবে সময়।



