নজরবন্দি ব্যুরোঃ ১ নভেম্বরই আমেরিকা করোনা ভ্যাকসিন আনছে বলে ঘোষণা ট্রাম্পের। সূত্রের খবর, বুধবার হোয়াইট হাউস থেকে এক ভারচুয়াল কনফারেন্সে ট্রাম্প রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছেন ভ্যাকসিন আসবে নভেম্বরের শুরুতেই। এবং রাজ্যগুলিকে তা বিতরণ করার জন্য চূড়ান্ত পরিকল্পনা করে ফেলতে হবে।
আরও পড়ুনঃ আগের সব রেকর্ড চুরমার করে দেশে রেকর্ড সংক্রমণ।
করোনার ভ্যাকসিন কীভাবে বিতরণ হবে, তা ঠিক করতে হবে রাজ্যগুলিকেই, জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর রবার্ট রেডফিল্ড বলেছেন, কাদের আগে টিকা দেওয়া হবে, কীভাবে টিকার বিতরণ হবে সে বিষয়ে আবেদনপত্র জমা দিতে হবে রাজ্যগুলিকে। আমেরিকার করোনা পরিস্থিতির দিকে খেয়াল রেখেই জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমেরিকায় এখন টিকার দৌড়ে এগিয়ে রয়েছে দুই ফার্মা জায়ান্ট মোডার্না বায়োটেক ও ফাইজার। মোডার্নার তৃতীয় স্তরের ভ্যাকসিন ট্রায়াল চলছে। আমেরিকার বিভিন্ন জায়গায় অন্তত ৩০ হাজার জনকে টিকা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত বলা ভালো আমেরিকায় টিকা বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছিলেন ফৌজি।
হোয়াইট হাউসে কোভিড টাস্ক ফোর্সের একটি ভিডিও কনফারেন্সে তিনি বলেছিলেন, টিকা নেওয়ার ব্যাপারে কোনও নির্দেশিকা জারি হবে না, আইন চালু হবে না বা কোনও ভাবেই টিকা নিতে জোর করা হবে না। শুধুমাত্র কিছু হাই-রিস্ক গ্রুপের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক করা হতে পারে। তাছাড়া শিশুদের কম ডোজে টিকা দেওয়া হতে পারে।



