নজরবন্দি ব্যুরোঃ উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এপ্রিলে, নথি যাচাই শেষ হবে ফেব্রুয়ারিতেই! গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলাতেই রায় শোনান বিচারপতি। রাজ্যসরকার কে নির্দেশ দেন ২০২১ সালের ৪ জানুয়ারি থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুনঃ সুস্থতার হার প্রায় ৯৬ শতাংশ, বর্ষশেষে করোনা মুক্তির পথে বাংলা।
সেইমত যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামল স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু করতে চলেছে ৪ জানুয়ারি থেকে। নথি অনলাইন জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com ক্লিক করে প্রার্থীদের যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। পাশাপাশি এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছে কমিশন।
১) ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড বা এপিক, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড (এগুলির মধ্যে যে কোনো একটি) ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩) মাধ্যমিকের মার্কশিট ৪) উচ্চ মাধ্যমিকের মার্কশিট ৫) গ্র্যাজুয়েশনের সব মার্কশিট ৬) প্রফেশনাল কোয়ালিফিকেশন-এর সার্টিফিকেট অথবা মার্কশিট ৭) কাস্ট সার্টিফিকেট ৮) একটি স্ট্যাম্প সাইজের কালার ফটো। সবই স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে।
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এপ্রিলে, তাই ভেরিফিকেশনের জন্যে ২০ জানুয়ারি ২০২১ সালের মধ্যেই আবেদন করতে হবে। সর্বোচ্চ সময়সীমা সন্ধ্যা ৬টা। কমিশন সূত্রে খবর, প্রায় ২ লক্ষ ২০ হাজার চাকরিপ্রার্থীর ভেরিফিকেশন হবে। নিয়োগ সম্পূর্ণ হবে এপ্রিল মাস শেষ হওয়ার আগে। তাই নথি যাচাই-এর কাজ শেষ করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। চেষ্টা চলছে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে অনলাইনে সম্পাদন করার।



