বাজেটে স্বস্তির বড় খবর: ১৭টি জীবনদায়ী ওষুধ সস্তা হচ্ছে

কেন্দ্রীয় বাজেটে বড় স্বস্তি। ১৭টি জীবনদায়ী ওষুধে আমদানি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা, বাড়ল আয়কর রিটার্ন জমার সময়সীমাও।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুদ্রাস্ফীতি ও চিকিৎসা খরচের চাপের মাঝেই সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় বাজেট। ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, ১৭টি জীবনদায়ী ওষুধের উপর থেকে পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে আমদানি শুল্ক। এর ফলে ক্যান্সার, ডায়াবেটিস (ব্লাড সুগার) সহ একাধিক গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ড্রাগের দাম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, এই ১৭টি অত্যাবশ্যকীয় ড্রাগের উপর আর কোনও আমদানি শুল্ক আরোপ করা হবে না। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে ক্যান্সার থেরাপি, হরমোনজনিত রোগ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসায় ব্যবহৃত ওষুধের খরচে। ফলে রোগী ও তাঁদের পরিবারগুলির আর্থিক চাপ অনেকটাই কমবে।

স্বাস্থ্যক্ষেত্রের পাশাপাশি করদাতাদের জন্যও এল স্বস্তির খবর। আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এ বার ৩১ জুলাই পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা দেওয়া যাবে। পাশাপাশি জানানো হয়েছে, নতুন ইনকাম ট্যাক্স আইন ২০২৫ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

বাজেটে শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, কন্টেন্ট ক্রিয়েশন এখন অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই পড়াশোনার পাশাপাশি পড়ুয়ারা যাতে ভিডিও, পডকাস্ট, গ্রাফিক্স ডিজাইন-সহ ডিজিটাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে দক্ষ হয়ে ওঠে, সেই লক্ষ্যে স্কুলে ‘কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ল্যাবগুলিতে ক্যামেরা, সফটওয়্যার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সৃজনশীল কাজের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের আশা, এর ফলে ভবিষ্যতে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের নতুন রাস্তা খুলবে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি দক্ষতাভিত্তিক উপার্জনের সুযোগ পাবে।

সব মিলিয়ে, ওষুধের দাম কমানো থেকে করদাতাদের স্বস্তি ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রস্তুতি—এ বারের বাজেটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত একাধিক সিদ্ধান্ত নিল কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর