নজরবন্দি ব্যুরোঃ রাশিয়ার ইউক্রেন হামলার কারণে দেশে ফিরতে বাধ্য হয়েছেন পড়ুয়ারা। ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন ইন্টার্নশিপের সুযোগ। দেশেই ইন্টার্নশিপ করতে পারবে তাঁরা। বড় সিদ্ধান্ত নিল ন্যাশনাল মেডিকেল কমিশন। এমনকি যে মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করবে, সেই মেডিকেল কলেজগুলি কোনও ফি নেবে না। উল্টে দেশের কলেজে শিক্ষানবিশ চিকিৎসকদের সমমর্যাদার সুযোগ-সুবিধা এবং বৃত্তিও পাবেন তাঁরা।
আরও পড়ুনঃ রক্তপাতের মধ্যে স্নেহশীলতার ছবি, বোমা-গুলির মাঝে ঢাল হয়ে শিশুকে উদ্ধার ইউক্রেন সেনার!


উল্লেখ্য, একই মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং ১২ মাসের ইন্টার্নশিপ করার কথা ঘোষণা করেছিল জাতীয় মেডিকেল কমিশন। কিন্তু রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির জেরে নিয়মে বদল আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিদেশ থেকে কয়েকজন স্নাতক ফিরতে বাধ্য হয়েছেন। করোনা এবং যুদ্ধ পরিস্থিতির জেরে বিদেশ থেকে আসা স্নাতক পড়ুয়াদের অবস্থার কথা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শুধুমাত্র যারা স্নাতক পাশ করেছেন, তাঁরা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতেই ইন্টার্নশিপের সুযোগের ব্যবস্থা করা হবে। যারা স্নাতক পাশ করেননি তাঁদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও জানা যায়নি।
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে আতঙ্কে রয়েছে ভারতীয় পড়ুয়ারা। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে জোরকদমে চলছে ‘অপারেশন গঙ্গা’। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে নতুন করে রওনা দিচ্ছে ১৬টি বিশেষ বিমান। শুক্রবার এমনটাই জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। একইসঙ্গে, ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র হরজ্যোৎ সিংয়ের চিকিৎসার ব্যয় সরকার বহন করবেন বলেও জানান তিনি।


ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন ইন্টার্নশিপের সুযোগ, বিরাট সিদ্ধান্ত

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে , শুক্রবার পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে ফেরানো সম্ভব হয়েছে। তবে এখনও হাজার জন সেখানে আটকে রয়েছেন। যার মধ্যে ৩০০ জন খারকিভ এবং ৭০০ জন সুমিতে আটকে।







