নজরবন্দি ব্যুরো: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশের দিকে নজর ছিল গোটা বাংলার। ইতিমধ্যেই একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। তালিকায় নাকি সংযোজন হতে চলেছে আরও দু’টি নাম। বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিয়ের আসরে গিয়েছিলেন আশীর্বাদ করতে।
আরও পড়ুনঃ শৌচালয়ের জল ব্যবহার পনিরে! ধুন্ধুমার শিয়ালদহ স্টেশনে
নায়িকার আবদারেই অবশ্য উপস্থিত হয়েছিলেন ‘প্রিয় দিদি’। সূত্রের খবর, আজ বেলা বারোটায় পার্থ চট্টোপাধ্যায় হাত থেকে তৃণমূলের পতাকা ধরে এই তারকাজুটিও নাকি ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন। নীল-তৃণার শাসকদলে যোগদান নাকি এখন মাত্র সময়ের অপেক্ষা। উপরন্তু, তাঁদের বিয়েতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই জল্পনা আরও জোরালো করেছে।
অতঃপর, রাজনীতিতে যোগদানের প্রশ্নে এখন জেরবার বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির এই তারকাদম্পতি। তাহলে কি সত্যি সত্যিই একুশের বিধানসভা ভোটে সবুজ শিবিরের হয়ে দেখা যাবে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে? প্রশ্নে সরগরম ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক মহল। টলিউড ইন্ডাস্ট্রিতে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা, দুই তারকারই অগণিত অনুরাগীর সংখ্যা ।
এক্ষেত্রে ঘাসফুল শিবিরে তাঁদের যোগদান যে বিশেষ চমক হতে পারে, তা বোধহয় আর করে বলার অপেক্ষা রাখে না। উপরন্তু রাজ্য রাজনীতিতে এখন দলে যোগদান কিংবা পালা-বদলের হাওয়া। একুশের বিধানসভা নির্বাচনের আগে যে যেদিকে পারছেন, ঝুঁকছেন। টলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিত্যদিন কেউ শিবির বদলাচ্ছেন, ‘এ ফুল, ও ফুল’ করছেন, আবার কেউ বা রাজনীতির ময়দানে ‘শিক্ষানবীশ’ হিসেবে অভিষেক ঘটাচ্ছেন।



