নজরবন্দি ব্যুরোঃ ফের উত্তপ্ত উপত্যকা, জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা বাহিনী। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ ‘আল বদর’ সংগঠনের দুই সদস্য। সোমবার শ্রীনগরের খোনমহ এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ বাধে। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, গলকাল বিকেলেই এই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মেলে।
আরও পড়ুনঃ গুলিকান্ডের তদন্তে শীতলকুচির জোরপাটকিতে পৌঁছল SIT
শ্রীনগরের পন্থা চকে জঙ্গি ডেরার সন্ধান দেন গোয়েন্দারা। এর পরই পুলিশ ও নিপত্তারক্ষী বাহিনী যৌথ ভাবে এই অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি বুঝেই হামলা শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। বারবার অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পন করতে বলার পরেও জঙ্গিরা তা করেনি।
অবশেষে আধাসেনার গুলিতে খতম হয় আইএসআইয়ের মদতপুষ্ট সংগঠন ‘আল বদর’-এর দুই সদস্য। জানা গিয়েছে, এই দুই জনই কাশ্মীরের বাসিন্দা। জম্মু-কাশ্মীরের একাধিক সন্ত্রাসের ঘটনার পিছনে এই সংগঠনের হাত আছে বলেই পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, গত মার্চে সেনা বাহিনী খতম করেছিল ‘আল বদর’-এর প্রধান মাথা গানি খোয়াজাকে। জম্মু-কাশ্মীরের হানদ্বারা এলাকার বাসিন্দা ছিল খোয়াজা। চলতি বছরে উপত্যকায় জঙ্গি দমনে একের পর এক বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী।



