হরমুজ ইস্যুতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের তেলভাণ্ডার ধ্বংসের হুমকি

হরমুজ প্রণালী খোলা না হলে ইরানের তেলভাণ্ডার ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা কড়া বার্তা দিল তেহরান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে ফের কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মাঝেই তিনি সরাসরি হুমকি দিলেন ইরানকে—হরমুজ প্রণালী খুলে না দিলে দেশের বিদ্যুৎকেন্দ্র ও তেল ভাণ্ডার ধ্বংস করে দেওয়া হবে।

নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই কোনও সমঝোতায় পৌঁছনো সম্ভব। তবে সেই সুরের মধ্যেই কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে দ্রুত হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে মার্কিন হামলার মুখে পড়বে ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের তেল রপ্তানির অন্যতম কেন্দ্র খার্গ দ্বীপও টার্গেট হতে পারে। এমনকি জলশোধনাগারগুলিতেও হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর কথায়, অতীতে মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা শর্তের মধ্যে অন্যতম হল হরমুজ প্রণালী খোলা রাখা এবং ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। তিনি দাবি করেছেন, এই বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে এবং ইরান যুদ্ধবিরতির জন্য আগ্রহী।

তবে এই দাবি উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে কোনও আপস বা চুক্তিতে তারা রাজি নয়।

সব মিলিয়ে, একদিকে শান্তি আলোচনার ইঙ্গিত, অন্যদিকে যুদ্ধের হুমকি—এই দ্বৈত বার্তায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন