মেসি ম্যাচে বঞ্চিত দর্শকদের জন্য বড় উপহার, উরুগুয়ে ম্যাচে মিলবে ফ্রি টিকিট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত ডিসেম্বরে মেসির ম্যাচে টিকিট কেটেও মাঠে ঢুকতে না-পারা দর্শকদের জন্য ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার বিনামূল্যের টিকিট দেওয়ার উদ্যোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বছরের মেসি ম্যাচে টিকিট কেটেও যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢুকতে পারেননি বহু দর্শক। তাঁদের জন্য এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী ৬ অক্টোবর যুবভারতীতে ভারত-উরুগুয়ে ম্যাচের ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত ডিসেম্বরে মেসির ম্যাচের জন্য অনলাইনে টিকিট কেনা দর্শকদেরই এই সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য মন্ত্রিসভার আলোচনার পরই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে।

সূত্রের খবর, সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট দর্শকদের কাছে আগামী কয়েক দিনের মধ্যেই বিনামূল্যের টিকিট সংক্রান্ত নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। অর্থাৎ গত বছরের অনুষ্ঠানে টিকিট কেটেও ম্যাচ দেখতে না-পারা দর্শকদের এবার ভারত-উরুগুয়ে ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে মেসিকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বিপুল ভিড় এবং ধাক্কাধাক্কির পরিস্থিতির মধ্যে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে।

সেই অনুষ্ঠানের জন্য মোটা টাকা দিয়ে টিকিট কেনা সত্ত্বেও বহু দর্শক মেসিকে সামনে থেকে দেখতে পারেননি। পরে তাঁদের ক্ষতিপূরণের বিষয়টি সামনে এলেও তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই দর্শকদের একটি অংশের জন্যই বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচের পর মেসি-পর্বের প্রসঙ্গ ওঠে। সেই সময় শুভেন্দু জানান, এবার ফিফার নিয়ম মেনেই যুবভারতীতে ম্যাচ আয়োজন করা হয়েছে। মেসির ম্যাচ ঘিরে গতবারের অভিজ্ঞতার পর এবার আয়োজনের ক্ষেত্রে নিয়ম ও পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে তাঁর বক্তব্য।

ভারতীয় ফুটবলের পাশে রাজ্য সরকার ভবিষ্যতেও থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওড়িশা যেভাবে ভারতীয় হকি দলের পাশে রয়েছে, বাংলাতেও একইভাবে ফুটবলের উন্নয়নে রাজ্য সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি।

শনিবার যুবভারতীতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। ম্যাচে ভারত ০-৪ গোলে হারলেও লড়াইয়ের মানসিকতা দিয়ে গ্যালারির দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

ম্যাচের পর ব্রাজিল দলের কোচ কার্লো আন্সেলোত্তি ভালো পরিকাঠামোর মধ্যে ম্যাচ আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

এদিন ব্রাজিল দলের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ উপহার দেওয়া হয়। ভিনিসিয়াস জুনিয়র-সহ ব্রাজিলের ফুটবলারদের সই করা একটি জার্সি শুভেন্দুর হাতে তুলে দেওয়া হয়। জার্সিতে মুখ্যমন্ত্রীর নামও লেখা ছিল। সেটি রাজ্য সরকারের সংগ্রহশালায় রাখা হবে বলে জানানো হয়েছে।

এবার সেই একই যুবভারতীতে আগামী ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ। গত বছরের মেসি-অনুষ্ঠানে বঞ্চিত দর্শকদের জন্য ২২ হাজার বিনামূল্যের টিকিটের ঘোষণা সেই ম্যাচকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন