অভিষেকের নেতৃত্বে নির্বাচন কমিশনে তৃণমূল প্রতিনিধি দল, আজ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক

বিএলএ-দের শুনানিতে প্রবেশাধিকার, বয়স্ক ভোটারদের ডাক ও এসআইআর-এর দ্রুততা—এই সব অভিযোগ নিয়ে বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিতর্কের মধ্যেই বিষয়টি জাতীয় স্তরে তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর সঙ্গে সাক্ষাৎ করবে দলের ১০ সদস্যের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন লোকসভায় তৃণমূলের দলনেতা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই একাধিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের অভিযোগ, মাত্র দু’মাসের মধ্যে তড়িঘড়ি করে এসআইআর সম্পন্ন করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি ভোটার শুনানিতে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের উপস্থিত থাকতে না দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছে তারা।

গত শনিবার থেকে শুরু হওয়া শুনানি প্রক্রিয়ায় বিএলএ-দের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। যদিও কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, শুনানিকেন্দ্রে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের থাকার অনুমতি নেই।

তৃণমূলের আরও অভিযোগ, প্রবীণ ভোটারদের দূরবর্তী শুনানিকেন্দ্রে ডাকা হচ্ছে, যা তাঁদের জন্য কার্যত সমস্যার সৃষ্টি করছে। এ ছাড়া ঘরে বসে ‘এআই-এর মাধ্যমে’ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগও প্রকাশ্যে তুলেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাঁকুড়ার একটি সভা থেকেও তিনি নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকার সমালোচনা করেন।

বুধবারের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে দলের অবস্থান স্পষ্ট করার কথা রয়েছে।

এখন রাজনৈতিক মহলের নজর, মুখ্য নির্বাচন কমিশনারের দরবারে তৃণমূলের অভিযোগগুলির কী প্রতিক্রিয়া মেলে এবং এসআইআর প্রক্রিয়ায় কোনও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন