নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের কার্যকলাপে বেজায় ক্ষুব্ধ তৃণমূল। তাই তাঁর রাজ্যপালের অপসারণ চায় তৃণমূল। সংসদে আগামী দিনে প্রস্তাব আনতে চলেছে তাঁরা।


৩১ তারিখ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনে দলের রণনীতি কী হবে? তা নিয়েই ভার্চুয়াল বৈঠকে সাংসদদের বিশেষ বার্তা দিলেন দলনেত্রী। বৈঠকের শেষে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপালের ভূমিকা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর তৈরি মানবধিকার কমিশন নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। আমাদের মনে হচ্ছে, রাজ্যপালকে রাজ্য সরকারকে বিব্রত করার নির্দেশ দিয়েই পাঠানো হয়েছে। তাঁকে রোডম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে”।
তৃণমূল সাংসদের সংযোজন,” আমরা সকলে এই মত পোষণ করেছি, রাষ্ট্রপতি অত্যন্ত সম্মাননীয় ব্যক্তি এবং তিনি নির্বাচিত। কিন্তু রাজ্যপাল এক জন মনোনীত পদাধিকারী হয়েও একটা রাজ্যের দুই তৃতীয়াংশের কাছে পৌঁছে যাওয়া একটি সরকার সম্পর্কে প্রতিনিয়ত যে মনোভাবে প্রতিটি কাজকর্মে হস্তক্ষেপ করছেন, সে সব সম্পর্কে আমাদের আরও বেশি যুক্তি দিয়ে ভাবতে হবে”।
রাজ্যপালের অপসারণ চায় তৃণমূল, সংসদে আনতে চলেছে প্রস্তাব

উল্লেখ্য, লোকসভা এবং রাজ্যসভাতেও এবিষয়ে স্বতন্ত্র প্রস্তাব আনতে চলেছেন সাংসদরা। সূত্রের খবর, এমনটাই আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। সাংবিধানিক সংস্থাকে মাথায় রেখেই এই প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। রাজ্যসভায় এই প্রস্তাব আনতে পারেন সুখেন্দু শেখর রায়।









