নজরবন্দি ব্যুরো: বাঙালি বরাবরই ভ্রমণপ্রিয়। কয়েকদিনের ছুটি পেলেই কোথাও একটা ঘুরতে যাওয়া চাই। ব্যস্ততা কাটিয়ে একটু রিফ্রেশমেন্ট কার না পছন্দ? আপনিও ছুটিতে এক দুদিন প্রকৃতির মাঝে কাটাতে চান? তাহলে দেরি কেন, ঝটপট প্ল্যান করে ফেলুন। আজকের প্রতিবেদনে খোঁজ রইল এমনই কয়েকটি জায়গার।
আরও পড়ুন: হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, পুজোর ছুটি কাটান পাহাড়ের কোলে, ঘুরে আসুন এই গ্রামে


চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি
আপনি যদি পাখিপ্রেমী হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য আদর্শ। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই বার্ড স্যাংচুয়ারি অবস্থিত। এখানে গেলে বিভিন্ন ধরণের পাখির পাশাপাশি ফার্ন, অর্কিড, প্রজাপতি দেখতে পাবেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে রথতলা বাসস্টপ থেকে হেঁটে যেতে পারেন কিংবা গাড়ি ভাড়া করতে পারেন। রথতলা বাসস্টপ থেকে ১৫০ মিটার দূরত্বেই রয়েছে এই গন্তব্য।

গোলপাতার জঙ্গল
সুন্দরবনের বিকল্প হিসেবে বেছে নিতে পারেন এই জায়গাটিকে। কলকাতার কাছেই টাকিতে (উত্তর ২৪ পরগনা) অবস্থিত গোলপাতার জঙ্গল। পাশ দিয়েই অবিরাম বয়ে চলেছে ইছামতী নদী। ওপাড়ে রয়েছে বাংলাদেশ। চাইলে নৌকা করে ওপার বাংলা থেকেও ঘুরে আসতে পারেন। শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে চেপে টাকি রোড যান। এরপর স্টেশন থেকে অটো বা রিক্সার করে গোলপাতার জঙ্গল পৌঁছে যেতে পারবেন।



চন্দ্রকেতুগড়
আপনার যদি ইতিহাস বিষয়টি পছন্দ হয় তবে চলে আসতে পারেন চন্দ্রকেতুগড়। এটি একটি জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক পর্যটন স্থান। এখানে গেলে প্রায় ২৫০০ বছর পুরনো চন্দ্রকেতু সাম্রাজ্যে ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এছাড়া এখানে টেরাকোটা মন্দির, তামার মূর্তি, মুদ্রা দেখতে পাবেন।
পুজোর আগে কলকাতার কাছেই ঘুরতে চান? রইল ৩ গন্তব্যের হদিশ








