নজরবন্দি ব্যুরো: বাংলার একাধিক জেলায় গরমের জেরে হাসফাঁস অবস্থা বাঙালির। এই অস্বস্তিকর পরিবেশ থেকে পালিয়ে শীতল শান্ত পরিবেশে ছুটি কাটানোর প্ল্যান করছেন! কিন্তু যাবেন কোথায়? দার্জিলিং, কালিম্পং এখন একঘেয়ে। এছাড়া পর্যটকদের ভিড় এড়িয়ে ছুটির মুহূর্ত কাটানো দায়! আজ খোঁজ রইল এক নতুন অফবিট জায়গার। কয়েকদিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন এই পাহাড়ি গ্রামে।
আরও পড়ুন: ভারতেই রয়েছে একটি টুকরো মালদ্বীপ, অল্প খরচেই ঘুরে আসুন এখানে


আজকের গন্তব্য বানকুলুং। জনপ্রিয় পর্যটনস্থল মিরিকের কাছেই অবস্থিত ছোট্ট এই গ্রাম। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত বানকুলুং। এর উপর দিয়ে বয়ে গিয়েছে বালাসন ও মুরমাহা নদী। নদীর জলের স্নিগ্ধতা এবং চারিদিকে সবুজের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। যারা ব্যস্ততা ভুলে কয়েকদিনের মানসিক শান্তি খুঁজতে বেড়াতে যেতে চান তাঁদের জন্য আদর্শ ঠিকানা এই পাহাড়ি গ্রাম।

পায়ে হেঁটেই গোটা গ্রাম ঘুরে দেখার সুযোগ রয়েছে। চাষের জমি, সবুজ খোলা মাঠ, নদী সবই দেখতে পাবেন। বাহারি রঙের পাখি এবং তাদের মধুর কোলাহলের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করবে। এখানে ঘুরতে এলে মুরমাহা চা বাগান এবং গয়াবাড়ির চা বাগান ঘুরে দেখতে ভুলবেন না। বানকুলুংয়ের কাছেই রয়েছে দুধিয়া। হাতে সময় থাকলে এখানেও ঘুরে আসতে পারেন। দুধিয়ার মঠ বেশ জনপ্রিয়।



কীভাবে যাবেন?
মিরিকের খুব কাছেই অবস্থিত বানকুলুং। মিরিকের গ্রাম থেকে সহজেই পায়ে হেঁটে পৌঁছানো যায়। মিরিক থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। দুধিয়া হয়ে গেলে কম সময়ের মধ্যে পৌঁছানো যাবে। এছাড়া নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি হয়েও বানকুলুং পৌঁছানো যাবে।
দার্জিলিং এখন একঘেয়ে, ঘুরে আসুন বানকুলুং








