নজরবন্দি ব্যুরোঃ বিজেপির ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ‘অরাজনৈতিক’ মিছিলে পথে নামলো টলিপাড়া। বর্তমান টলিপাড়ার বেশ কিছু কলাকুশলীরা বিজেপির কর্মী। তাদের বরাবরের অভিযোগ “টলিউডে মাফিয়ারাজ চলছে”। বিভিন্ন সময়ে বাইরের বিজপি নেতা কর্মীদের মুখেও শোনা গেছে একই কথা। এবার সেই ‘মিথ্যাচারের’ বিরুদ্ধে পথে নামল টলি পাড়ার কলাকুশলীরা।
অরাজনৈতিক শিল্প জগতের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কুত্সা ছড়ানোর অভিযোগে বিবার টালিগঞ্জ এলাকায় এক বিশাল মিছিল করেন তাঁরা। যে মিছিলকে সম্পূর্ণ ‘অরাজনৈতিক’ বলে দাবি করেছেন প্রতিবাদকারী শিল্পী কলাকুশলীরা। এদিন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ডাকে একজোট হয়ে পথে নামেন শিল্পীরা। প্রতিবাদ মিছিলে জড়ো হয়েছিলেন প্রায় হাজার দশেক মানুষ।
প্রতিবাদকারীদের অভিযোগের তির মূলত রুদ্রনীল ঘোষ, বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পালদের মত নেতা-নেত্রীদের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বিভিন্ন জনসভায় ও সংবাদ মাধ্যমে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের নিশানা করে বার বার একনায়কতন্ত্রের তোপ দাগছেন এঁরা। বলছেন ‘টলিউডে মাফিয়ারাজ চলছে’। তাই তারই প্রতিবাদে দল-মত নির্বিশেষে পথে নেমেছেন এমনটাই দাবি করা হয় ফেডারেশনের পক্ষ থেকে। মিছিলে ষ্টুডিও পাড়ার তারকা থেকে শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এদিকে এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে সংযুক্ত মোর্চার তরফে বামেদের প্রার্থী দেবদূত ঘোষ।
বিজেপির ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ‘অরাজনৈতিক’ মিছিলে পথে নামলো টলিপাড়া। বিজেপিতে যোগ দিয়েই ‘স্বজনপোষণ’, ‘তোষণ’ ও ‘টলিউডে মাফিয়ারাজ চলছে’ ইত্যাদি মন্তব্য করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তারপর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নিয়মিত টলিপাড়ার বিরুদ্ধে আক্রমণ আসে বিজেপি নেতা নেত্রীদের কাছে থেকে। যার প্রতিবাদেই আজকের এই মিছিল করা হল টালিগঞ্জে।



