টালিগঞ্জের স্টুডিয়োপাড়ায় বৃহস্পতিবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়াল। ফেডারেশনের ভবিষ্যৎ কাঠামো এবং সংগঠন পুনর্গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ।
বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় আয়োজিত বৈঠকের পর বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়েছিলেন, টলিউডে বর্তমান ফেডারেশন ব্যবস্থার পরিবর্তে নতুন কো-ফেডারেশন কাঠামো চালু করা হবে। সেই বৈঠকেই ফেডারেশনের দুই পদাধিকারী মহম্মদ হাসান এবং নিরুপম দে ওরফে বাবাইকে দায়িত্ব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা যায়।


এই সিদ্ধান্ত ঘিরেই বৃহস্পতিবার সকাল থেকে ক্ষোভ ছড়াতে শুরু করে। সূত্রের খবর, ফেডারেশনের সদস্যরা দু’টি শিবিরে বিভক্ত হয়ে পড়েন। একাংশ বর্তমান নেতৃত্বের পাশে দাঁড়ালেও অন্য অংশ পরিবর্তনের পক্ষে সওয়াল করে।
টালিগঞ্জের ভরাট মাঠে প্রায় ২৬টি গিল্ডের কয়েক হাজার সদস্য জড়ো হন। নতুন প্রশাসনিক কাঠামো এবং কিছু সদস্যের উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের একাংশ দাবি করেন, তাঁরা মুখ্যমন্ত্রী এবং পাপিয়া অধিকারীর সঙ্গে সরাসরি কথা বলতে চান।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠার মধ্যেই ডিম, ইট এবং পাথর ছোড়ার অভিযোগ সামনে আসে। ঘটনাস্থলে ‘চোর চোর’ স্লোগানও শোনা যায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানি এবং হামলার অভিযোগ তুলেছে।


এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপিয়া অধিকারী বলেন, ফেডারেশনের কিছু সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছিল। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির স্বার্থে বিতর্কিত ব্যক্তিদের সরানো প্রয়োজন। তিনি জানান, চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে, বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, যাঁরা তাঁদের উপর হামলা চালিয়েছেন, তাঁদের অনেকেই সংশ্লিষ্ট গিল্ডের সদস্য নন। আবার অন্য পক্ষের দাবি, আন্দোলনের নামে কিছু মানুষ অশান্তি তৈরির চেষ্টা করছেন।
টলিউডের প্রশাসনিক কাঠামো নিয়ে এই সংঘাত এখন নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। ফেডারেশন বনাম কো-ফেডারেশন বিতর্কে আগামী দিনে কী সিদ্ধান্ত হয়, তা নিয়ে কৌতূহল বাড়ছে শিল্পমহলে। তবে আপাতত স্টুডিয়োপাড়ার উত্তেজনা যে টলিউডের অভ্যন্তরীণ সংকটকে প্রকাশ্যে এনে দিয়েছে, তা বলাই যায়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



