আজ শুক্রবার প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিমযাত্রা! বৃহস্পতিবার থেকে পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে দেহ। এদিন সকালে তার দেহ সেখান থেকে বার করা হয়। সেখান থেকেই শুরু হবে অন্তিমযাত্রা।আর তাতে অংশ নেবেন জেলার বিভিন্ন অংশ থেকে আসা নেতা-কর্মীরা। যেমনটা যান গেছে প্রথমেই প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। এরপর সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দেহ সেখানে রাখা হবে। সেখানেই বর্তমান শাসক এবং বিরোধী দলের বিধায়ক এবং অন্যান্যরা ‘কমরেড’ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
সেখানে রাজ্যের তরফে গ্যান স্যালুট দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দেওয়া হবে গান স্যালুটও। যদিও কোনও ভাবেই আড়ম্বর পছন্দ করতেন না বুদ্ধবাবু। সাধারণ থাকতেই পছন্দ করতেন। ফলে গান স্যালুট দেওয়া নিয়ে সংশয় রয়েছে।


এরপর বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে আসা হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে সাড়ে তিনটে পর্যন্ত দেহ শায়িত থাকবে। সকলের প্রিয় কমরেডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দিল্লি, সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। শেষ শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গ থেকেও বহু নেতা-কর্মী ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছেন বলে খবর। যা খবর, পিস ওয়ার্ল্ড থেকেই অন্তিমযাত্রায় অংশ নেবেন তাঁরা।
প্রায় সাড়ে তিনঘণ্টা পর একেবারে শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিট ছাড়বেন পলিটব্যুরোর সদস্য। এরপর সাড়ে তিনটে নাগাদ দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে দেহ। সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতরে। নতুন প্রজন্মই যে ভোর আনতে পারবে, তা বিশ্বাস করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তাই চলতি বছরের শুরুতেই মীনাক্ষীরা ব্রিগেডের জন্য যখন বার্তা নিতে যান, অসুস্থ শরীরেও তাঁদের ফেরাননি বুদ্ধবাবু। দিয়েছিলেন বার্তা।
জানা যাচ্ছে, দীনেশ মজুমদার ভবনে বাম নেতা-কর্মীরাও শেষ শ্রদ্ধা জানানো যাবে। এরপরেই মিছিল করে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শুরু হবে শেষযাত্রা। সেখানেই দেহদান করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই পথে হেঁটেই দেহদান করেছিলেন তিনি। তবে ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে পিস ওয়ার্ল্ডের সামনে। সেকারনেই ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।










