তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন। আগামী ২৮ অগস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠান করতে চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে দুই পক্ষই। কালীঘাট তৃণমূলের পাশাপাশি ঋতব্রতপন্থী তৃণমূলও একই জায়গায় কর্মসূচির অনুমতি চেয়েছে। ফলে একই দিনে একই স্থানে কারা অনুষ্ঠান করতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানায় কালীঘাট তৃণমূলের আইনজীবীরা। আদালত সেই আবেদন গ্রহণ করেছে। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। অর্থাৎ, প্রতিষ্ঠা দিবসের মাত্র কয়েক দিন আগে আদালতের সিদ্ধান্তের দিকেই এখন নজর দুই শিবিরের।
কালীঘাটের টিএমসিপির তরফে আইনজীবী অর্ককুমার নাগ আগেই আদালতে জানিয়েছিলেন, ২৮ অগস্টের অনুষ্ঠানের অনুমতি চেয়ে ২৭ জুলাই কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। এরপর ৩ ও ৭ অগস্ট পুলিশের কাছে আবেদনের অগ্রগতি জানতে চাওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি করা হয়।
অনুমতি নিয়ে পুলিশের তরফে কোনও সিদ্ধান্ত না আসায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। দ্রুত শুনানির আবেদনও করা হয়েছিল। সোমবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিষয়টি মঙ্গলবারের শুনানির জন্য তালিকাভুক্ত করার অনুমতি দিয়েছে আদালত।
এর মধ্যেই ঋতব্রতপন্থী তৃণমূলের তরফেও একই জায়গায় অনুষ্ঠান করার অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছে। ‘আসল’ তৃণমূল ছাত্র পরিষদের দাবিদার সুদীপ রাহা ২৮ অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চেয়েছেন। এখানেই শেষ নয়, তাঁদের আবেদনে অন্য একটি গুরুত্বপূর্ণ দাবিও জানানো হয়েছে।
ঋতব্রতপন্থী শিবিরের দাবি, তারাই ‘আসল’ তৃণমূল ছাত্র পরিষদ। তাই টিএমসিপির নাম ব্যবহার করে অন্য কোনও পক্ষ যদি একই জায়গায় সভার অনুমতি চেয়ে থাকে, সেই আবেদন বাতিল করার আর্জি জানানো হয়েছে। ফলে একই অনুষ্ঠান ঘিরে এখন আদালতের সামনে কার্যত দুই পক্ষের দাবি।
মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির অন্যতম পরিচিত জায়গা। প্রতি বছর সেখানেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে থাকে। সাধারণত এই কর্মসূচির অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এ বার দলের অভ্যন্তরীণ সমীকরণ সম্পূর্ণ আলাদা।
রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের পুরনো সংগঠন ও নেতৃত্বের একাংশ আলাদা রাজনৈতিক অবস্থান নিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন শিবিরের পাশাপাশি এনসিপিআই-তে যাওয়া একাংশ নিয়েও তৃণমূলের রাজনৈতিক পরিসরে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
এর আগে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালনেও সেই বিভাজনের ছবি দেখা গিয়েছিল। দুই পক্ষ আলাদা ভাবে কর্মসূচি পালন করেছিল। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় রাজনৈতিক মহলের নজর এখন কলকাতা হাই কোর্টের দিকে।
মঙ্গলবার আদালতের শুনানির পরই স্পষ্ট হতে পারে মেয়ো রোডে ২৮ অগস্টের কর্মসূচির অনুমতি শেষ পর্যন্ত কোন পক্ষ পাবে। একই দিনে একই জায়গায় দুই পক্ষের কর্মসূচির দাবি থাকায় আদালতের সিদ্ধান্তই এখন এই সংঘাতের পরবর্তী গতিপথ নির্ধারণ করতে পারে।



