নজরবন্দি ব্যুরো: কাঁথির সভায় আমন্ত্রণ শিশির অধিকারীকে, ‘না’ করলেন নেতা, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছেদ করে কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সকল পদ ছেড়ে ইতিমধ্যেই গেরুয়া পতাকা নিজের হাতে তুলে নিয়েছেন নন্দীগ্রামের প্রাক্তন নেতা। এদিকে অধিকারী পরিবারের বাকি সদস্যরা কোন পথে হাঁটবেন সে নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন: হল না শেষ রক্ষা, কলকাতার দুজনের শরীরে মিলল ব্রিটেনের ভাইরাস!
তবে আসন্ন নির্বাচনের আগে তথা রাজনৈতিক পালাবদলের আবহে বুধবার কাঁথির সভায় যোগ দেওয়ার জন্য শিশির অধিকারীকে ডেকে পাঠাল তৃণমূল নেতৃত্ব। যদিও শিশির অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি অসুস্থ থাকায় সভায় যোগ দিতে পারবেন না। এদিকে শিশির অধিকারীর এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, বুধবারের সভায় থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সভায় যোগ দিতে আহ্বান জানানো হয়েছে শিশির অধিকারীকে। শিশিরবাবু বলেছেন, ‘‘আমার শরীর ভাল নেই। গত ১৭-১৮ দিন আমি এক পা-ও হাঁটতে পারিনি। দু’মিনিটের জন্য পা মাটিতে রাখতে পারছি না। চিকিৎসকরাও বাড়ির বাইরে কোথাও যেতে নিষেধ করেছেন।’’
তিনি আরও জানিয়েছেন সভায় উপস্থিত থাকার জন্য কোনও আমন্ত্রণপত্র হাতে পাননি। হাতে পেলে কী করবেন? জবাবে শিশির বলেন, ‘‘ওদের জানাব, শরীর ভাল নেই। তাই যেতে পারব না।’’ যদিও জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি জানয়িছেন, শিশিরের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কাঁথি পুরসভায়।
কাঁথির সভায় আমন্ত্রণ শিশির অধিকারীকে, ‘না’ করলেন নেতা, তৃণমূল সূত্রে খবর, লক্ষাধিক মানুষের মিছিল হবে শুভেন্দুর খাস তালুকে, মুখিয়ে রয়েছেন দলের কর্মীরা। এদিকে তৃণমূল মিছিল করতে চলেছে এই খবর পেয়ে পাল্টা মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু। বিজেপির মিছিল হবে বৃহস্পতিবার। অর্থাৎ কাঁথি সরগরম থাকবে বুধ এবং বৃহস্পতিবার। এখন দেখার কোন মিছিলে কত জন সমাগম হয়।



