নজরবন্দি ব্যুরো: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে কংগ্রেস। সমস্ত বিরোধী দলের নেতাদের দিল্লিতে আহ্বান জানায়। এই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁর দলকেই নাকি এখনও আমন্ত্রণ জানানো হয়নি। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এমনটাই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার উত্তরবঙ্গ সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুরেই কলকাতা বিমানবন্দরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বৈঠক নিয়ে আমাদের কিছু জানানো হয়নি।’ ইতিমধ্যেই এনিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তবে কি তৃণমূল উপস্থিত থাকবে কি না তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) চার রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রেখেছে। রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে নতুন সরকার গঠন করেছে পদ্ম শিবির। গতকাল ভোট গণনার শুরু থেকেই বোঝা গিয়েছিল, তিন রাজ্যে গেরুয়া ঝড় উঠছে, দিন শেষে তাই দেখা গেল।

এদিন কংগ্রেসের পরাজয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকে বলছি যে যেখানে শক্তিশালী তাঁকে সেখানে লড়তে দিতে হবে। সেটা করলেই হয়তো এই বিপর্যয় হত না।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের একলা চলো নীতিকেই দুষলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের কথায়, ‘কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হত না।’
কংগ্রেসের ডাকে দিল্লিতে একত্রিত হচ্ছে বিরোধীরা, ইন্ডিয়া জোটের বৈঠকে আমন্ত্রণ পায়নি তৃণমূল

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, ‘২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না যদি আসন সমঝোতা হয়। ভোটের রেজাল্ট দেখছিলাম। কংগ্রেস দুটো হারিয়েছে। একটা পেয়েছে। কংগ্রেস পেয়েছে ৩৯ শতাংশ ভোট, বিজেপি ৪২ শতাংশ। এই ভোট কাটাকাটির জয়, ফাটাফাটির নয়।’ তাঁর কথায়, ‘এই ফল মানুষের পরাজয় নয়, কংগ্রেসের পরাজয়।’



