তিন বছরের ব্যবধানে রাজনীতির অঙ্ক বদলে গিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন আর ২০২৪ সালের লোকসভা ভোটের ফল পাশাপাশি রাখলেই স্পষ্ট—তৃণমূলের অস্বস্তির জায়গা তৈরি হয়েছে একাধিক বিধানসভা কেন্দ্রে। সেই বদলে যাওয়া বাস্তবতাকেই সামনে রেখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার দ্বিতীয় দফায় সংগঠনকে নতুন করে সতর্ক করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসকদলের অন্দরমহলের আশঙ্কা, ব্যবধান কমে যাওয়া এই আসনগুলিই আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তৃণমূল সূত্রে খবর, সেই কারণেই এসআইআরের দ্বিতীয় পর্বে দলীয় কৌশল এক ধাপে তুলে ধরতে আগামী রবিবার ভার্চুয়াল বৈঠক ডাকছেন অভিষেক। বুথ স্তর থেকে রাজ্য স্তর—মোট প্রায় এক লক্ষ নেতাকর্মী ওই বৈঠকে যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে।
কোথায় অঙ্ক উল্টে যাচ্ছে?
বিধানসভা-ওয়াড়ি হিসাব কষে তৃণমূল নেতৃত্ব দেখছেন, ২০২১ সালে যেসব কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় এসেছিল, ২০২৪ সালের লোকসভা ভোটে সেখানে উল্লেখযোগ্য ধস নেমেছে। বহু জায়গায় জয়ের ব্যবধান অর্ধেকেরও বেশি কমেছে, আবার কোথাও বিধানসভায় জেতা আসনেই লোকসভা ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল।
বিশেষ করে যেসব কেন্দ্রে ব্যবধান ১০ হাজারের কম—সেগুলিকে ‘রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করছে শাসকদল। সমস্যা হল, এই কেন্দ্রগুলি গ্রাম, মফস্সল ও শহর—সব জায়গাতেই ছড়িয়ে। ফলে কোনও একক সাংগঠনিক ফর্মুলা সেখানে কার্যকর করা কঠিন হয়ে পড়ছে।
তালিকায় বড় নাম, বড় ধাক্কা
এই ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে রথী-মহারথীদের আসনও। কলকাতার রাসবিহারীতে ২০২১ সালে দেবাশিস কুমারের জয়ের ব্যবধান ছিল ২১ হাজার। লোকসভায় তা নেমে আসে এক হাজারেরও নিচে। বিধাননগরে মন্ত্রী সুজিত বসুর আসনে তৃণমূল লোকসভা ভোটে ১১ হাজারের বেশি পিছিয়ে।
উত্তর কলকাতার শ্যামপুকুরে শিল্প ও নারী-শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজার ২২ হাজারের বেশি ভোটের বিধানসভা জয় লোকসভা অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায়। সোনারপুর দক্ষিণ, চন্দননগর থেকে সন্দেশখালি—এমন বহু কেন্দ্রেই একই ছবি। সন্দেশখালিতে তো বিধানসভায় ৪০ হাজার ভোটে জেতা তৃণমূল লোকসভায় প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে বিজেপির কাছে।
কমিশন বনাম তৃণমূল—নয়া আশঙ্কা
শাসকদলের অন্দরের আলোচনা অনুযায়ী, আগামী দিনে লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, বরং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও ভূমিকার সঙ্গেও। এক প্রথম সারির তৃণমূল নেতার কথায়, “যেখানে দুই দলের ভোটশক্তি কাছাকাছি, সেখানে কমিশনের সিদ্ধান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারে।”
এই আশঙ্কা মাথায় রেখেই এসআইআরের দ্বিতীয় দফায় আরও কড়া নজরদারি ও সংগঠনকে চাঙ্গা করার পথে হাঁটতে চাইছেন অভিষেক। প্রথম দফার মতোই জেলা ধরে ধরে ‘খামতি’ চিহ্নিত করে আবার নেতাদের মাঠে নামানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দল।
গ্রামের ভোটে ভরসা
লোকসভা ভোটের ফল বিশ্লেষণে তৃণমূল দেখেছে—শহর ও মফস্সলে ধাক্কা খেলেও গ্রামীণ ভোটব্যাঙ্কের জোরে ক্ষতি সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু এসআইআরের দ্বিতীয় পর্বে গ্রামীণ ভোটারদের ‘হয়রানি’ করা হচ্ছে বলে অভিযোগ তুলছে শাসকদল।
শুনানির স্থান নির্ধারণে গ্রাম ও শহরের ক্ষেত্রে ভিন্ন নিয়মকে নিশানায় রেখেছে তৃণমূল। শহরে একাধিক জায়গায় শুনানির সুযোগ থাকলেও গ্রামে এসডিও বা বিডিও অফিসেই যেতে হচ্ছে ভোটারদের—যা তাদের মতে পরিকল্পিত চাপ সৃষ্টি করছে। এই ইস্যুতেই কমিশনে সবচেয়ে সরব ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
সমান্তরাল প্রচার কৌশল
২০২৬-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তৃণমূল পুরনো ‘বাংলা-বাঙালি গরিমা’ ইস্যুতে ভরসা রাখলেও, তার সঙ্গে যুক্ত করতে চাইছে ১৫ বছরের শাসনকালের কাজের খতিয়ান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন।
এক দিকে ভোটার তালিকায় নাম রক্ষার লড়াই, অন্য দিকে সরকারের কাজ জনমানসে তুলে ধরা—এই দুই কর্মসূচি সমান্তরাল ভাবেই বাস্তবায়নের রূপরেখা নিচ্ছেন অভিষেক। শুক্রবার সেই বিষয়েই আর এক দফা ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা।



