গ্রেফতার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী! পুরুলিয়া থেকে পুলিশের জালে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

পুরুলিয়া থেকে প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ ও এসটিএফ। তোলাবাজি, ভয় দেখানো ও সম্পত্তি মামলার তদন্তে নতুন মোড়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) অবশেষে পুলিশের জালে। বুধবার পুরুলিয়া (Purulia) থেকে তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর (Bidhannagar) পুলিশ ও রাজ্য এসটিএফ (STF)-এর যৌথ দল। এর আগে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)-এ রক্ষাকবচ চাইলেও তা পাননি দেবরাজ। তোলাবাজি, ভয় দেখানো এবং সম্পত্তি সংক্রান্ত একাধিক অভিযোগের তদন্তের মধ্যেই এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অদিতি মুন্সী ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরের অভিযোগ ওঠে। তদন্তকারীদের অভিযোগ, প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে লুকিয়ে রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচনী হলফনামায় সম্পত্তির প্রকৃত তথ্য গোপন করার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পাশাপাশি দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে পৃথক একটি তোলাবাজির মামলাও দায়ের হয়েছিল। কেষ্টপুরের (Kestopur) এক প্রোমোটার অভিজিৎ সাহা (Abhijit Saha) বাগুইআটি (Baguiati) থানায় অভিযোগ করেন, একটি নির্মাণ প্রকল্পে বাধা দিয়ে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে কয়েকজন অভিযুক্ত নির্মাণকাজ বন্ধ করে দেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

অভিযোগকারীর দাবি, চাপের মুখে তিনি দেবরাজকে ৩০ লক্ষ টাকা এবং তাঁর সহযোগী মণীশ মুখোপাধ্যায় (Manish Mukhopadhyay)-কে আরও ৫ লক্ষ টাকা দিতে বাধ্য হন। কিন্তু এরপরও নতুন করে টাকা দাবি করা হয় এবং নির্মাণকাজ আবারও আটকে দেওয়া হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেওয়া অর্থ ফেরত চেয়েছেন ওই প্রোমোটার।

এই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-র একাধিক ধারায় মামলা রুজু করে বাগুইআটি থানার পুলিশ। এরপর বুধবার বিধাননগর পুলিশ ও রাজ্য এসটিএফ যৌথ অভিযান চালিয়ে পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে।

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এর আগেও বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমি দখল-সহ একাধিক অভিযোগ উঠেছিল। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাতেও তাঁর নাম রয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের আগে দেবরাজ এবং অদিতি মুন্সী দু’জনেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে আগাম আইনি সুরক্ষা চেয়েছিলেন। আদালত চার মাসের শিশুসন্তানের বিষয়টি বিবেচনা করে অদিতি মুন্সীকে রক্ষাকবচ দিলেও দেবরাজের আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশও দিয়েছিল আদালত। সেই নির্দেশের পরই তোলাবাজির মামলায় শেষ পর্যন্ত দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন