নজরবন্দি ব্যুরোঃ ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। বুধবার ২ টি মামলা দায়ের করার পর বৃহস্পতিবার আরও একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই নিয়ে হাইকোর্টে মোট তিনটি মামলা দায়ের করা হল। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুনঃ Breaking News: হাওড়ার পাঁচলায় বড়সড় বাস দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ৫


সোমবার নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে তিনি বলেন, আগের বার দিয়েছিলাম কত? আমার কাছে কিন্তু নেই, ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করে দেবেন, আমি আশা করি। তাই এবার আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম। খুশি তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন, এত টাকা আসবে কোথা থেকে?

প্রশ্ন, হল শুধুমাত্র পুজো কমিটি গুলিকে অনুদান নয়, একাধিক বিষয়েও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যার আনুমানিক খরচ ৫০০ কোটি টাকা হিসাবে ধরা হচ্ছে। এত বিপুল অঙ্কের টাকা কোথা থেকে জোগাবে সরকার? তবে কী মানুষের করের টাকায় পুজো কমিটিগুলিকে অনুদান? প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা।
হাইকোর্টে মোট তিনটি মামলা দায়ের, চলতি সপ্তাহেই মামলার শুনানি

গতকালের মামলায় মামলাকারীর প্রশ্ন ছিল আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? কেন ছাড় দেওয়া হল পুজো কমিটির বিদ্যুৎ বিলে? যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, বিদ্যুৎ, ওষুধ পাচ্ছেন না, সেখানে কেন এই অনুদান? যেখানে অনেকের স্কুলে যাওয়ার সঙ্গতি নেই, সেখানে কী করে রাজ্য সরকার পুজোয় অনুদান দিচ্ছে? এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে? সরকারের সিদ্ধান্ত প্রত্যহারের দাবিতে মামলা দায়ের হয়েছে।









